আজ ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী



ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে চার দিনের সরকারি সফরে আজ রবিবার রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী পরিচালনা পর্ষদের ৪১তম বার্ষিক অধিবেশনে যোগদান করবেন।
পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফর করবেন, সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন। আজ সকালে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্স’র একটি ফ্লাইট রোমের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে। ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
রোমে যাওয়ার পথে প্রধানমন্ত্রী প্রায় দু’ঘণ্টার জন্য দুবাইয়ে যাত্রা বিরতি করবেন। পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠকে করতে প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি ভ্যাটিক্যান সিটি সফর করবেন। তিনি সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পেইটরো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন।
শেখ হাসিনা ১৩ ফেব্রুয়ারি সকালে রোমে ইফাদ-এর সদর দপ্তরে গভর্নিং কাউন্সিলের ৪১তম বৈঠকের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আইএফএডি’র গভর্নিং কাউন্সিলের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ফ্রম ফ্রাজিলিটি টু লং টার্ম রেজিলেন্স : ইনভেস্টিং ইন সাসটেইনেবল রুরাল ইকোনমিকস’। প্রধানমন্ত্রী মূল প্রবন্ধে তাঁর সরকারের অন্যান্য উন্নয়ন উদ্যোগ ছাড়াও দেশের সাফল্য এবং কৃষি খাতের অর্জন তুলে ধরবেন।
প্রধানমন্ত্রী যুব উন্নয়ন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং এ ক্ষেত্রে স্থানীয় সরকারের ভূমিকার জন্য তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। প্রধানমন্ত্রী সম্মেলনের কী-নোট স্পিকারদের সম্মানে ইফাদ প্রেসিডেন্টের দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন।
১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা রোমের পারকো দেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড এসপিএ প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী আবুধাবি হয়ে ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
আরও পড়ুন; বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া: প্রধানমন্ত্রী
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে বিল
যৌথ ভিডিও কনফারেন্সে ‘বন্ধন’ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও মোদী   
বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা     
শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আজ