আজ সর্বনিম্ন দিনাজপুরে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস



উত্তরাঞ্চলসহ দেশের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা বাড়লেও, কমেনি শীতের তীব্রতা। আজ সর্বমিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা বেড়ে দাড়িয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত ৫০ বছরের রেকর্ড ভেঙে গতকাল তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রিতে। এদিকে, তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও শীতের তীব্রতা আছে আগের মতোই।
রাজধানীসহ সারাদেশে ঢাকায় বয়ে চলেছে শৈত্যপ্রবাহ । শীতের তীব্রতায় নাকাল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল মানুষেরা। পথের ধারে খড়কুটো জ্বালিয়ে চলছে শীতের কামড় থেকে রেহাই পাওয়ার চেষ্টা।
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কষ্টে দিন কাটাচ্ছে শিশু ও বৃদ্ধরা। দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ফলে যাত্রাপথে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে বলে পরিবহন চালকরা জানান।
এছাড়াও তীব্র শীতের কারণে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগের প্রকোপ বেড়েছে। আগের তুলনায় সদর হাসপাতালে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগীর সংখ্যা বেশি।