আদালতে খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা


আদালতে খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) আদালতের রেজিস্ট্রার জেনারেল বরাবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা অনুসারে দূর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সর্বশেষ প্রতিবেদন সুপ্রিম কোর্টে প্রতিবেদন জমা দিয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) আদালত এই প্রতিবেদনের ওপর শুনানি করবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর ওই প্রতিবেদন দাখিল এবং পাশাপাশি মামলার শুনানির জন্য বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিন ধার্য করা হয়েছিল। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত এক আদেশে খালেদা জিয়া তার চিকিৎসা করাতে সম্মতি দিয়েছেন কিনা, যদি সম্মতি দিয়ে থাকেন তাহলে সুপারিশ অনুসারে তার চিকিৎসা শুরু হয়েছিল কিনা এবং তার বর্তমান শারীরিক অবস্থা কী তা জানাতে বলেছেন বিএসএমএমইউ উপাচার্যকে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করা হয়।

জামিন আবেদনের যুক্তিতে বলা হয়, খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার উন্নত চিকিৎসা হচ্ছে না। তাই জামিন পেলে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাবেন।

তবে এর আগেও চ্যারিটেবল মামলায় ২০১৯ সালের ৩১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিলেন।