গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা আন্ডারপাস উদ্বোধন করেন। বাইপাসের এই আন্ডারপাসটি টাঙ্গাইল শহরের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে গিয়ে যুক্ত হয়েছে।
এটি চালু হওয়ার ফলে সাধারণ জনগন এখন বেশ স্বস্তিতে চলাচল করতে পারছে। জানা যায়, শহর থেকে রেলস্টেশন যেতে গেলে এ সড়ক পার হতে হয়। এর আগে এই বাইপাস অতিক্রম করতে দুই প্রান্তে সিএনজিচালিতসহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকত। এছাড়াও এই বাইপাসে গাড়ির চাপ কম থাকলেও সড়ক অতিক্রম করতে হতো। আন্ডারপাস চালু হওয়ায় এখন আর সে ঝামেলা নেই।
সিএনজিচালিত অটোরিকশার এক চালক বলেন, আগে বাইপাস পার হতে ভয় করতো। এখন আর সে ঝামেলা নেই। এখন নির্ভয়ে যাত্রী পরিবহন করতে পারছি। তাছাড়া, এত দিন নির্মাণাধীন আন্ডারপাসের দুপাশ দিয়ে মহাসড়কের বড় যানবাহন চলাচল করতো। এ কারণে ঘটত দুর্ঘটনা। গতকাল থেকে সব বড় যান চলছে আন্ডারপাসের ওপর দিয়ে।
আরও জানা যায়, সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে জয়দেবপুর-এলেঙ্গা চার লেন প্রকল্পের আওতায় এখানে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত আরও কয়েকজন বলেন, আগে বাইপাস পার হতে অনেক সময় লাগত। সে জন্য নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় ট্রেন চলে যেত। এখন আর সে দুর্ভোগ হবে না।
এছাড়াও জানা যায়, ঘারিন্দা আন্ডারপাসটি টাঙ্গাইল শহরের সঙ্গে প্রায় ছয়টি ইউনিয়নের সড়ক যোগাযোগ নিরাপদ ও নির্বিঘ্ন করেছে।

