সর্বশেষ কার্যদিবসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবহারিক ধাতুটির দাম আগের তুলনায় কমে তিন সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
মূলত চীনে বাড়তি উৎপাদনের তথ্যে এলএমইতে তামার দরপতন দেখা গেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তবে তামার দাম কমলেও এদিন এলএমইতে অন্যান্য ব্যবহারিক ধাতুর দাম বাড়তির দিকে ছিল।
এলএমইর প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৬ হাজার ৭৯২ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কম। চলতি বছরের ৩০ মের পর এটাই এলএমইতে ব্যবহারিক ধাতুটির সর্বনিম্ন দাম। চীনে পরিশোধিত তামার বাড়তি উৎপাদনের খবর এলএমইতে ব্যবহারিক ধাতুটির দরপতনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে চীনে সব মিলিয়ে ৭ লাখ ৬৭ হাজার টন পরিশোধিত তামা উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি। বাড়তি উৎপাদনের এ খবর এলএমইতে ব্যবহারিক ধাতুটির দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নামিয়ে এনেছে।
এদিকে তামার দাম কমলেও এদিন এলএমইতে অন্যান্য ব্যবহারিক ধাতুর দামে তেজিভাব দেখা গেছে। সর্বশেষ কার্যদিবসে এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেল বিক্রি হয় ১৪ হাজার ৯৪০ ডলারে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৭৪ ডলারে বিক্রি হয়।
