দেশের তিন মোবাইল অপারেটর এর আগে বিনা মূল্যে সাময়িক যে তরঙ্গ বরাদ্দের জন্য আবেদন করেছিল এই মুহূর্তে সেটি তারা পাচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
এ অবস্থায় ‘বিনা মূল্যে তরঙ্গ দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্ত্রী জানান। কোনো অবস্থাতেই সেটা আমরা করতে পারি না। কাজটি করতে গেলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই অবস্থায় সেটা সম্ভব হবে না।’
মঙ্গলবার এ বিষয়ে মন্ত্রী বলেন, এর পরিবর্তে তরঙ্গের দাম কিছুটা কম রাখা যায় কি না, সেটা ভাবছে সরকার। এ কারণে আপাতত দেশে ইন্টারনেট সেবার মান বাড়ছে না। বরং বর্তমানে যা আছে তাই থাকছে। এর থেকে উন্নত হচ্ছে না।
দেশের করোনা পরিস্থিতিতে ছুটির মধ্যে ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ার কারণেই এর আগে দেশের তিন অপারেটর রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক সরকারের কাছে বিনা মূল্যে তরঙ্গ চেয়েছিল।
সেসময় তাদের যুক্তি ছিল, সরকারের অনুরোধে গ্রাহকের জন্য তারা ইন্টারনেটের দাম বেশ কমিয়েছে। এখন সরকার বিনা মূল্যে কিছুটা তরঙ্গ বরাদ্দ দিলে সেবার মান উন্নত করা যায়।
অপারেটররা আরও বলেছিল, বর্তমানে ভয়েস কল কমে যাওয়া ও ইন্টারনেটের দাম কমানোর পর সব মিলিয়ে রাজস্ব কমে যাওয়ায় তাদের পক্ষে এখন উচ্চমূল্যে তরঙ্গ কেনা সম্ভব নয়।
এ ছাড়া সরকারের কাছে যে তরঙ্গ পড়ে আছে, তা কোনো মূল্য সংযোজন করছে না বলেও মন্তব্য ছিল অপারেটরদের।
মন্ত্রী বলেন, এখন যদি আমরা তরঙ্গ দিই, সেটা যন্ত্রপাতি ও অবকাঠামো কারণে কাজে লাগাতে তিন মাসের মতো সময় লেগে যাবে।’
যদিও অপারেটররা এর সঙ্গে একমত নয়। তারা জানিয়েছে, তরঙ্গ দিলে সেটা এক সপ্তাহের মধ্যে গ্রাহকদের সুবিধায় ব্যবহার করা যাবে।

