শামীমা সুলতানা শিমুল
কতদিন দেখিনি মেঘ ফাটলের ঝরঝর সেই বৃষ্টি,
দেখা হয়না রঙধনুর অপার রঙের সৃষ্টি।
কতদিন দেখিনি ধানের মাঝে ক্লান্ত কৃষকের হাসি,
হয়নিকো শোনা রাখাল ছেলের মিষ্টি সুরের বাঁশি।
কতদিন ভাই হয়নিকো হাঁটা গাঁয়ের মেঠো পথে,
ভুলেই গিয়েছি শিউলি কুড়ানো আর মালা কেমনে গাঁথে।
যেতে চাই সেই মাঠ পেরিয়ে কৃষাণীর উঠোনে,
দাদুর কন্ঠে করুণ পুঁথি বাজছে আপন মনে।
কতদিন ভাই হয়নিকো দেখা চাঁদনী রাতের মেলা,
ভুলে গিয়েছি জোনাকির সাথে আলো ছায়ায় খেলা।
দেখিনা স্বপ্ন, ছেড়েছি আশা বাঁধিনিকো কোনো গান,
সবুজের মাঝেই সতেজ হবে, মরীচিকা মাখা প্রাণ।
ভালো থেকো গ্রাম, ভালো থেকো প্রাণ
ভালো থেকো সবুজ বন,
আমার বদ্ধ শহরে রইলো তোমাদের নিমন্ত্রণ।
