গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে নিজের ভয়াবহ রুপ দেখিয়েছে এ ক্ষুদ্র অণুজীব।
পাঁচ মাস পেরিয়ে গেলেও এর প্রকোপ কমার লক্ষণ নেই। বরং সারা বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অগণিত।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। যা নতুন রেকর্ড। এমন রেকর্ডে আবারও ভাবনার উদ্রেক হচ্ছে বিশ্বজুড়ে।
এছাড়া বৃহস্পতিবার আরও প্রায় পাঁচ হাজার প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন সোয়া ৪ লাখের কাছাকাছি।
ব্রাজিলের পরিস্থিতি ক্রমে ভয়াবহ থেকে ভয়াবহতম হয়ে উঠছে। ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে সাড়ে ১২শ’র বেশি মানুষের; বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ৪০ হাজার। আর ৯শ’ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে; মোট মৃত্যু ১ লাখ ১৬ হাজারের বেশি। আক্রান্ত প্রায় ২১ লাখ।

