এবার সামান্য ঘটনাকে কেন্দ্র করে লকডাউন ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় পুলিশসহ প্রায় ৬০ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের ডিঘর ও সূচিউড়া এলাকার তিতাস নদীর পাড়ে সরুর রহমান গোষ্ঠীর ফারুক মিয়া নামে এক কৃষক ধান মাড়াই করছিল। এ সময় বেলায়েত হোসেনের গোষ্ঠীর কামাল মিয়া নামে এক ব্যক্তি ধানের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে যান। এ নিয়ে ফারুক মিয়া কামালের মধ্যে বাদানুবাদ হয়। বিষয়টি দুই পক্ষের মধ্যে জানাজানি হলে তারা সংঘর্ষে জড়ান।
জানা যায়, রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে এই সংঘর্ষে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে পুলিশ শটগান ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে আহত পুলিশ সদস্যরা হলেন, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন, এস.আই মো: নজরুল ইসলাম, মো: তাহের, কনস্টেবল রাজু বড়ুয়া, মো:তাহের, মো: তসলিম, মো: শফিক। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায় বর্তমানে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। দুই পক্ষকে ডেকে এ আলোচনায় বসে বিষয়টি মীমাংসা করা হবে।

