টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে লড়াইটা বেশ জমজমাট হয়ে উঠেছে। আজ এ শীর্ষে তো কাল অন্যজন। কয়েকদিন আগে ভারতের রবীন্দ্র জাদেজার কাছে নিজের শীর্ষ স্থান হারানোর এক সপ্তাহের মাথায় আবারো শীর্ষে চড়ে বসলেন কোন ম্যাচ না খেলা সাকিব আল হাসান।
আগ্রাসী আচরণের শাস্তি র্যাংকিংয়েও পেলেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দিমুথ করুনারত্নের শরীর লক্ষ্য করে বল ছুড়েছিলেন ভারতের বাঁহাতি স্পিনার। এই ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। খেলতে পারেননি তৃতীয় টেস্টে। যার ফলে সাতটি রেটিং পয়েন্ট হারিয়ে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন জাদেজা। আর কোনো ম্যাচ না খেলেও এক নম্বর জায়গাটা ফেরত পেলেন বাংলাদেশের সাকিব আল হাসান।
মার্চে অশ্বিনের কাছে শীর্ষ স্থান হারিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে দুর্দান্ত খেলে পুনরুদ্ধার করেছেন নিজের জায়গা। সম্প্রতি জাদেজার কাছে নিজের জায়গা হারালেও, ভারতের বাঁহাতি স্পিনারের ভুলে আবার ফিরে পেয়েছেন নিজের শীর্ষ স্থান।
জাদেজা অবশ্য বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন। পরিবর্তন আসেনি ব্যাটিংয়েও, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ এক নম্বর ব্যাটসম্যান হিসেবেই জায়গা ধরে রেখেছেন।
তথ্য : ক্রিকইনফো
