অভ্যন্তরীণ ঘাটতি মোকাবেলায় আমদানিকৃত পাঁচ লাখ টন লবণ দেশে পৌঁছেছে। এর পরও বাজারে পণ্যটির দাম উর্ধ্বমুখী। এখনো চড়া দামে লবণ কিনতে হচ্ছে চামড়াসহ বিভিন্ন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিপ্রতিষ্ঠান ও সাধারণ ক্রেতাদের।
সংশ্লিষ্ট ক্রেতা ও ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকরা লবণ আমদানিতে ইচ্ছাকৃত বিলম্ব করার মাধ্যমে বাজারে পণ্যটির কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে দাম বাড়তি রেখেছেন। অন্যদিকে আমদানিকারক মিল মালিকদের দাবি, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লবণবাহী জাহাজ এসে পৌঁছলেও সময়মতো লাইটার জাহাজ না পাওয়ায় পণ্য খালাসে সময় লেগেছে। এ কারণে আমদানি করা লবণ ঠিক সময়ে বাজারে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এর জের ধরে পণ্যটির দাম এক মাসের ব্যবধানে কিছুটা কমলেও এখনো স্বাভাবিক হয়নি। আমদানি করা লবণ বাজারে সরবরাহ শুরু হলে পণ্যটির দাম আরো কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ পাইকারি বাজারে গতকাল প্রতি বস্তা (৭৬ কেজি) পরিশোধিত ও অপরিশোধিত লবণ ১ হাজার টাকায় বিক্রি হতে দেখা যায়। সে হিসাবে প্রতি কেজি লবণের দাম পড়ে ১৩ দশমিক ১৬ টাকা। ২০ দিন আগেও অপরিশোধিত লবণ বিক্রি হয়েছিল বস্তাপ্রতি ১ হাজার ১০০ টাকায়। ২০ দিনের ব্যবধানে পণ্যটির দাম বস্তায় ১০০ টাকা কমেছে। অন্যদিকে এক মাস আগে প্রতি বস্তা পরিশোধিত লবণ বিক্রি হয়েছিল ১ হাজার ২৫০ টাকায়। অর্থাত্ এক মাসের ব্যবধানে পণ্যটির দাম কমেছে বস্তাপ্রতি ১৫০ টাকা। পণ্যটির এ মূল্যহ্রাসকে পর্যাপ্ত মনে করছেন না সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজারে লবণের দাম এখনো বাড়তি রয়েছে। স্থানীয় লবণ ব্যবসায়ীরা জানান, চলতি বছর দেশে লবণের ঘাটতি রয়েছে প্রায় পাঁচ লাখ টন। চাহিদা ও সরবরাহের ঘাটতি থাকায় গত জুলাই-আগস্টে পণ্যটির দাম এক লাফে বেড়ে বস্তাপ্রতি ১ হাজার ২০০ টাকার উপরে চলে যায়। অথচ এর আগে মানভেদে প্রতি বস্তা লবণের দাম ছিল ৫৫০-৭০০ টাকা। পণ্যটির বাড়তি দামে লাগাম টানতে সরকার বেসরকারি পর্যায়ে পাঁচ লাখ টন লবণ আমদানির ঘোষণা দেয়। আমদানি করা লবণ দেশে এলেও বাজারে এর প্রভাব পড়েনি। পণ্যটির দাম আগের পর্যায়ে নেমে আসেনি।
প্রতি বছর কোরবানি ঈদের সময় চামড়া প্রক্রিয়াজাত করার জন্য লবণের চাহিদা বেড়ে যায়। এবারের কোরবানি ঈদে বাড়তি দামে লবণ কিনতে হয়েছে চামড়া ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জের চামড়া ব্যবসায়ী আব্দুস সবুর বলেন, ‘এবারের কোরবানি ঈদে চামড়া ব্যবসায়ীদের চড়া দামে লবণ কিনতে হয়েছে। ফলে চামড়া প্রক্রিয়াজাতে খরচ বেশি হয়েছে। আমরা ভেবেছিলাম, ঈদের আগে আমদানি করা লবণ বাজারে সরবরাহ করা হলে দাম কমে আসবে। অথচ বাজারে উল্টো চিত্র দেখা গেছে। তিনি অভিযোগ করেন, লবণ আমদানিকারক মিল মালিকরা বাড়তি মুনাফার আশায় সময়মতো আমদানি করা লবণ বাজারে ছাড়েননি। এ কারণে পণ্যটির দাম এখনো বাড়তি রয়েছে।’
অন্যদিকে ফতুল্লা ডায়িং মিলের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, ‘সুতি ও লিনেন কাপড় রঙ করতে লবণ দরকার হয়। পণ্যটির বাড়তি দামের কারণে আগের তুলনায় এ বাবদ ব্যয় বেড়ে গেছে। তিনি বলেন, সরবরাহ সংকটের সময় বস্তাপ্রতি লবণের দাম এক লাফে ৫০০-৭০০ টাকা বেড়েছিল। অথচ লবণ আমদানি করা হলেও প্রতি বস্তায় দাম কমেছে মাত্র ১০০-১৫০ টাকা। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।’
তবে এমন অভিযোগ মানতে নারাজ লবণ আমদানিকারকরা। বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সাবেক সভাপতি ও পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী পরিতোষ কান্তি সাহা বলেন, ‘অনেক আমদানিকারক কোরবানি ঈদের আগে লবণ আমদানি করতে পারেনি। আবার অনেকের চট্টগ্রাম বন্দরে মূল জাহাজ থেকে লবণ খালাস করার জন্য লাইটার জাহাজ পেতে দেরি হয়েছে। এ কারণে পণ্যটি খালাসে বিলম্ব হয়েছে। এর জের ধরে বাজারে আমদানি করা লবণের সরবরাহ শুরু হতেও দেরি হয়েছে। তাই লবণের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। আমদানি করা লবণ সরবরাহ পুরো মাত্রায় শুরু হলে পণ্যটির দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।’
