'আমি জিনিয়াস'




নিজেকে ‘জিনিয়াস’ এবং একজন ধীর স্থির মানুষ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । মাইকেল উল্ফ নামে এক সাংবাদিক তাঁর বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’-তে তাকে ‘প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম’ বলে বর্ণনা করার পর নিজের স্বপক্ষে এ যুক্তি দেন ট্রাম্প ।
অনেকগুলো টুইট বার্তায় মিস্টার ট্রাম্প বলেন, তার সবচেয়ে বড় গুণের একটি হচ্ছে তিনি মানসিকভাবে খুবই ধীর-স্থির। তিনি নিজেকে বর্ণণা করেন একজন ‘জিনিয়াস’ বা প্রতিভা হিসেবে। তিনি বলেন, যেভাবে তিনি একজন ব্যবসায়ী থেকে টিভি তারকা এবং তার পর প্রেসিডেন্ট হয়েছেন -সেটাই প্রমাণ করে যে তিনি শুধু বুদ্ধিমান নন, একজন জিনিয়াস।
এর আগে বইটির লেখক মাইকেল ‌উলফ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার এই বইটি প্রেসিডেন্ট ট্রাম্পের পতন ডেকে আনতে পারে। তার প্রকাশিত তথ্যগুলো বুঝিয়ে দিয়েছে যে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার উপযুক্ত নন, যা অনেক আগে থেকেই লোকে সন্দেহ করে আসছিল।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ডেমোক্রাটরা তার প্রেসিডেন্ট হবার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে – কারণ তার সঙ্গে রাশিয়ার যোগাযোগের অভিযোগ তার ভাষায় ‘সম্পূর্ণ ভুয়া’ বলে প্রতীয়মান হবার পর এখন তারা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইছে।
এদিকে ট্রাম্পের প্রেসিডেন্সির অজানা সব বিস্ফোরক তথ্যে ভরা নতুন বই প্রকাশ ঠেকানোর চেষ্টায় নেমেছেন তার আইনজীবীরা। ট্রাম্পের আইনজীবীরা একটি চিঠিতে বইটির লেখক এবং প্রকাশকের কাছে এর প্রকাশ, প্রচার এমনকি প্রকাশনাও অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মার্কিন এটর্নি চার্লস জে হার্ডার বলেছেন, তিনি বইটির লেখকের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনবেন। বইটিতে ট্রাম্পকে নিয়ে নানা অজানা তথ্যের মধ্যে হোয়াইট হাউজের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যননের একটি বিস্ফোরক মন্তব্য আছে।
আরও পড়ুন; ইভাঙ্কাকে প্রেসিডেন্ট বানানোর চুক্তি করেছেন ট্রাম্প 
বছরের প্রথম দিনে পাকিস্তানকে হুমকি দিলেন ট্রাম্প    
জেরুজালেমে ট্রাম্পের নামে স্টেশন করবে ইসরায়েল   
ট্রাম্প সারা বিশ্বকে তাদের পদানত করতে চায়