আর্নেস্ট হেমিংওয়ে ও কিছু কথা




বিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ দুটি উপন্যাস ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ এবং ‘আ ফেয়ারওয়েল টু আর্মস’র রচয়িতা আর্নেস্ট মিলার হেমিংওয়ে। বিশ শতকের ফিকশনের ভাষার ওপর তাঁর নির্মেদ ও নিরাবেগী ভাষার ভীষণ প্রভাব ছিল। তাঁর অ্যাডভেঞ্চারপ্রিয় ও জনপ্রিয় ইমেজও পরবর্তী প্রজন্মের ওপর ভীষন প্রভাব ফেলেছিল।
শিকাগোর ইলিনয়ের ওক পার্কে ১৮৯৯ সালে আজকের এ দিনে (২১ জুলাই) জন্মগ্রহণ করেন হেমিংওয়ে।
তাঁর বাবা পেশায় চিকিৎসক এবং মা সঙ্গীতবিশারদ ছিলেন। হেমিংওয়ের নাম তাঁর নানার নাম অনুযায়ীই রাখা হয়। যদিও পরবর্তীকালে হেমিংওয়ে এই নাম পছন্দ করেননি। কারণ অস্কার ওয়াইল্ডের নাটক দি ইমপোর্টেন্স অব বিং আর্নেস্ট এর প্রধান চরিত্রের নাম ছিল আর্নেস্ট। যে ছিল সাদাসিধে, বোকাসোকা টাইপের।
১৯১৩ থেকে ১৯১৭ সাল পর্যন্ত, হেমিংওয়ে ওক পার্ক অ্যান্ড রিভার ফরেস্ট হাই স্কুলে গিয়েছিলেন এবং সেখানে নানা ধরনের খেলাধুলায় অংশ নিতেন। স্কুলেই হেমিংওয়ে একটি সাংবাদিকতার কোর্স পড়েছিলেন, যেখানে ক্লাসরুমের পরিবেশ ছিল সংবাদপত্র অফিসের মত। তিনি স্কুলের দেয়াল পত্রিকাতে লিখতেন। সেখানে সম্পাদনার কাজও করতেন। স্কুল পেরোনোর পর হেমিংওয়ে শিক্ষানবিশ সংবাদদাতা হিসেবে দি আরকানসাস সিটি স্টার পত্রিকায় কাজ শুরু করেন।
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ১৯১৮ সালের প্রথম দিকে হেমিংওয়ে কানসাস সিটিতে রেড ক্রসের নিয়োগ কার্যক্রমে সাড়া দেন এবং ইতালিতে অ্যাম্বুলেন্স চালক হিসেবে নিয়োগ পান। জুনের মধ্যে তিনি ইতালির যুদ্ধক্ষেত্রে পৌঁছে যান। মিলানে উপস্থিত হয়ে প্রথম দিনই তাকে একটি যুদ্ধোপকরণ কারখানার বিস্ফোরনস্থলে পাঠানো হয় যেখানে উদ্ধারকর্মীরা নারী শ্রমিকদের লাশের টুকরো টুকরো অংশ উদ্ধারের চেষ্টা করছিল। তিনি এই দুর্ঘটনার কথা তার ‘ডেথ ইন দি আফটারনুন’ বইতে বর্ণনা করেন : ‘আমার মনে আছে আমরা গোটা মৃতদেহ খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম মৃতদেহের টুকরো টুকরো অংশ।’
৮ জুলাই যুদ্ধশিবিরের ক্যান্টিনে সিগারেট ও চকোলেট দিয়ে ফেরার সময় মর্টারের গুলিতে হেমিংওয়ে আহত হন। আহত অবস্থাতেই নিজের দিকে ভ্রূক্ষেপ না করে তিনি একজন ইতালিয়ান সৈনিককে বহন করে নিরাপদ স্থানে নিয়ে চলেন। তাঁর এই বীরত্বপূর্ণ কাজের জন্য পরবর্তীকালে তাকে ইতালিয়ান সিলভার মেডেল অব ব্রেভারি দেয়া হয়।
যখন তার বয়স ১৮ তখন হেমিংওয়ে তাঁর দুর্ঘটনার ব্যাপারে বলতে গিয়ে উল্লেখ করেন, ‘যখন বালক হিসেবে যুদ্ধে যাও তখন অমরত্ব লাভের জন্য একটা মোহ কাজ করে। অন্য যোদ্ধারা মারা যাবে, আমি মরবো না এমন মনোভাব থাকে। কিন্তু যখনি প্রথম বারের মত মারাত্মভাবে আহত হবে তখনই সেই মোহ কেটে যাবে এবং ভাবতে শুরু করবে, আমিও মরে যেতে পারি।’

তার দুই পায়ে মর্টারের অনেকগুলো টুকরো ঢুকে যায়। জরুরি অপারেশনের পর ফিল্ড হসপিটালে পাঁচদিন কাটাতে হয়। তারপর মিলানের রেডক্রস হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বীরত্বপূর্ণ কাজের জন্য পরবর্তীতে ইতালিয়ান সিলভার মেডেল অব ব্রেভারি লাভ করেন। এ অভিজ্ঞতা ‘আ ফেয়ারওয়েল টু আর্মস’ উপন্যাস রচনায় সাহায্য করে।
১৯২০ সালে অন্টারিওর টরন্টোতে ‘টরন্টো স্টার’ পত্রিকায় ফ্রিল্যান্সার, স্টাফ রিপোর্টার ও বিদেশী সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন। ওই সময়ে পরিচয় হয় একই পত্রিকার সাংবাদিক কানাডার এক বিখ্যাত সাহিত্যিক মরলে কালাঘানের সঙ্গে। তিনি হেমিংওয়ের লেখনীর প্রশংসা করেন এবং তার নিজের কিছু লেখা তাকে দেখান। হেমিংওয়েও সেগুলোর প্রশংসা করেন। পরবর্তীতে আরেক লেখক জেমস জয়েস তাকে খানিক প্রভাবিত করে। তাদের মধ্যে অল্পদিনের বন্ধুত্বও ছিল। ১৯২২ সালে প্রকাশিত জেমস জয়েসের ‘ইউলিসিস’ আমেরিকায় নিষিদ্ধ হয়। হেমিংওয়ে বন্ধুদের সাহায্যে গোপনে বইটির কপি পাচার করতেন। ওই বছর প্যারিসে চলে যান। সেখানে বিদেশী সংবাদদাতা হিসেবে কাজ করেন। ওই দশকের প্যারিসের প্রবাসী আধুনিক লেখক ও শিল্পীদের সাহিত্যিক ধারা ‘লস্ট জেনারেশন’ তাকে প্রভাবিত করে। ১৯২৩ সালে প্যারিস থেকে প্রকাশিত হয় প্রথম বই ‘থ্রি স্টোরিজ অ্যান্ড টেন পয়েমস’। ওই বছর সংক্ষিপ্ত সময়ের জন্য টরন্টোতে ফিরে আসেন। প্রথম সন্তান জন জন্ম নিলে পরিবারকে সময় দিতে পত্রিকার চাকরি ছেড়ে দেন।
১৯২৬ সালে প্রথম উপন্যাস ‘দ্য সান অলসো রাইজেস’ প্রকাশিত হয়। এর আগে প্রকাশিত হয় ছোটগল্পের সঙ্কলন ‘ইন আওয়ার টাইম’ (১৯২৫)। বিগ টু-হার্টেড রিভারকে এ সঙ্কলনের শ্রেষ্ঠ ছোটগল্প হিসেবে বিবেচনা করা হয়।
পরবর্তী সময়ে তিনি ক্রমাগত বাসস্থান পরিবর্তন করেন। যেমন- ১৯৩০ এর দশকে ফ্লোরিডার কি ওয়েস্ট, ১৯৪০ ও ৫০ এর দশকে কিউবা এবং ১৯৫৯ সালে আইডাহোর কেটকুম। ১৯৫২ সালে ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ প্রকাশের পর স্বল্প সময়ের জন্য আফ্রিকায় শিকারে যান। এ সময় দুইবার বিমান দুর্ঘটনায় পড়েন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। যার আঘাত পরবর্তীতে সামলে উঠতে পারেননি। সে ধকল তার মনেও প্র্রভাব ফেলে।
জীবদ্দশায় সাতটি উপন্যাস, ছয়টি ছোটগল্প সঙ্কলন ও দুইটি নন-ফিকশন বই প্রকাশ করেন। মৃত্যুর পরে আরও তিনটি উপন্যাস, চারটি ছোটগল্প সঙ্কলন ও তিনটি নন-ফিকশন বই প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে- উপন্যাস : দ্য টরেন্টস অব স্পিং (১৯২৪), দ্য সান আলসো রাইজেস (১৯২৬), আ ফেয়াওয়েল টু আর্মস (১৯২৯), ফর ‍হুম দ্য বেল টলস (১৯৪০), দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি (১৯৫২), দ্য গার্ডেন অব ইডেন (১৯৮৬) এবং আন্ডার কিলিমানজারো (২০০৫)। অন্যান্য : ডেথ ইন দ্য আফটারনুন (১৯৩২), হেমিংওয়ে, দ্য ওয়াইল্ড ইয়ার্স (১৯৬২), আর্নেস্ট হেমিংওয়ে সিলেক্টেড লেটার্স ১৯১৭-৬১ (১৯৮১) এবং ডেটলাইন : টরেন্টো (১৯৮৫)। ছোট গল্প সঙ্কলন : থ্রি স্টোরিজ অ্যান্ড টেন পয়েমস (১৯২৩), ইন আওয়ার টাইম (১৯২৫), উইনার টেক নাথিং (১৯৩৩) এবং দ্য ফিফথ কলাম অ্যান্ড দ্য ফার্স্ট ফোর্টি-নাইন স্টোরিজ (১৯৩৮)। তার উপন্যাস ও গল্প থেকে পনেরটির মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার বেশ কিছু বই বাংলায় অনূদিত ও সমাদৃত হয়েছে।
তিনি চারবার বিয়ে করেন। তার সন্তান সংখ্যা তিন।
১৯৫৪ এর অক্টোবরে তিনি সাহিত্যজগতের সবচেয়ে সম্মানজনক নোবেল পুরস্কার লাভ করেন।কিন্তু অজ্ঞাত কারন বশত ১৯৬১ সালের ২রা জুলাই ভোর–সকালে নিজের প্রিয় শটগান দিয়ে গুলি করে আত্মহত্যা করেন এই লেখক। অবসান ঘটে এক কালজয়ী অধ্যায়ের।অবসান ঘটে কালজয়ী হেমিংওয়ে অধ্যায়ের।কিন্তু সাহিত্যপ্রেমি সকলের অন্তরে বেচে থাকবেন এই সাহিত্যস্রষ্টা।আজকে তার জন্মদিনে সকলের হৃদয়ে বেচে থাকবে তার সৃষ্টি।