আর্মি স্টেডিয়ামে নিহত ২৩ জনের জানাজা সম্পন্ন




রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেষ শ্রদ্ধা জানানো হলো নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশিকে। নেপাল থেকে বিকালে ঢাকায় পৌছানোর পর এখানেই তাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
বিমানবন্দর থেকে ২০ টি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আর্মি স্টেডিয়ামে নিয়ে আসা হয় নিহতদের মরদেহ। সেখানে সকাল থেকেই অপেক্ষমান ছিলেন তাদের স্বজনেরা। নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সামরিকক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ কয়েক হাজার সাধারণ মানুষ।
ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১ গত ১২ মার্চ ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিল চার ক্রুসহ ৭১জন আরোহী নিয়ে, সেদিনও ছিল সোমবার। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হলে ২৬ জন বাংলাদেশিসহ ৪৯ আরোহীর মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ নিয়ে আজ সোমবার দুপুরে কাঠমান্ডু থেকে দেশের পথে উড়াল দিয়েছে বিমানবাহিনীর একটি কার্গো এয়ারক্র্যাফট।
আর ঢাকায় আর্মি স্টেডিয়ামে চলছে জানাজার প্রস্তুতি; সেখানেই আত্মীয়, বন্ধু, স্বজনদের সঙ্গে শেষবার মিলিত হবেন না ফেরার দেশের এই ২৩ যাত্রী।
নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করার পর নেপালি কর্তৃপক্ষ কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করে। সোমবার সকালে দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং ইউএস-বাংলার উপস্থিত কর্মকর্তারা তাদের জানাজায় অংশ নেন।
জানাজা শেষে ২৩টি কফিন পাঠানো হয় সেই ত্রিভুবন বিমানবন্দরে। সেখান থেকেই ঠিক এক সোমবার পর দেশের পথে তাদের ফিরতি যাত্রা শুরু হয় বেলা আড়াইটায়, বিমানবাহিনীর কার্গো ফ্লাইটে চড়ে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর কবির জানান, বিমানবন্দর থেকে কফিন নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে বিকাল ৪টায় হবে জানাজা। মরদেহ হস্তান্তরের জন্য স্বজনদের ওই সময়ই উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিকে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, ওই দুর্ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে আলিফুজ্জামান, পিয়াস রায় ও নজরুল ইসলামের মরদেহ রোববার পর্যন্ত শনাক্ত করা বাকি ছিল। এই তিন বাংলাদেশির মধ্যে আরও একজনের লাশ শনাক্ত করা হয়েছে, তবে নেপালি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। আজ ডিক্লেয়ার হয়ে গেলে আমরা চেষ্টা করব… কাল হয়ত পারব না, পরশু বিমানের ফ্লাইটে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকি দুজনের মরদেহ পাঠানো বিষয়টা নির্ভর করবে শনাক্ত করতে কতদিন লাগে তার ওপর। শনাক্ত হলে আমরা একই প্রক্রিয়ায় পাঠিয়ে দেব।”
নেপালে অবস্থানরত বাংলাদেশ চিকিৎসক দলের সদস্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক সোহেল মাহমুদ এর আগে জানিয়েছিলেন, চিহ্ন দেখে বা অন্যভাবে ওই তিনজনকে শনাক্ত করা না গেলে ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে।
যে ২৩ জনের মরদেহ দেশে আসছে, তাদের মধ্যে পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ এবং কেবিন ক্রু খাজা হোসেন মো. শফি ও শারমিন আক্তার নাবিলা রয়েছেন।
আর যাত্রীদের মধ্যে ফয়সাল আহমেদ, বিলকিস আরা, বেগম হুরুন নাহার বিলকিস বানু, আখতারা বেগম, নাজিয়া আফরিন চৌধুরী, রকিবুল হাসান, হাসান ইমাম, আঁখি মনি, মিনহাজ বিন নাসির, ফারুক হোসেন প্রিয়ক, তার মেয়ে প্রিয়ন্ময়ী তামারা, মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহিরা তানভিন শশী রেজা, বেগম উম্মে সালমা, মো. নুরুজ্জামান, রফিক জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা, তাদের ছেলে অনিরুদ্ধ জামানের মরদেহ আসছে দুপুরে।