বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় জামাল ভূঁইয়া গত বছরের অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল।
ম্যাচের ঠিক আগ মুহূর্তে জামালের সাথে পরিচয় হতে গিয়েছিলেন বলিউডের তারকা আলিয়া ভাট। কিন্তু বলিউড সুন্দরীকে চিনতেই পারেননি বাংলাদেশ অধিনায়ক! আজ শুক্রবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফেসবুক লাইভ আড্ডায় জামাল সেই মজার গল্পটি বলেন।
বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচ ছিল বারুদে ঠাসা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়ার বক্তব্য মন কেড়ে নিয়েছিল সবার। জামাল বলেন, ‘ম্যাচের আগে হোটেলের নিচে একজন মেয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি জানতাম না তিনি কে ছিলেন।
তবে তিনি বলেন, তার নাম আলিয়া ভাট। তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন। আমি তার দিকে তাকাচ্ছিলাম, আর ভাবছিলাম। বলিউডের সিনেমা দেখা হয় না বলেই তাকে চিনতে পারিনি। পরে জানলাম, সে বড় বলিউড তারকা। তখন তার সাথে ছবি তুলতে না পারার আফসোস হচ্ছিল।’

