নতুন পরিচয়ে হাজির হচ্ছেন চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতা থেকে আসা সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। প্রথমবার তিনি কন্ঠ দিয়েছেন একটি আধুনিক ফোক গানে।
গত ২২ এপ্রিল সন্ধায় মগবাজারের একটি স্টুডিওতে গানটির রের্কডিং সম্পন্ন হয়। ‘উদাস মন’ শিরোনামে গানটির কথা লিখেছেন নোমান শিবলু ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। মিউজিক করেছেন সজীব চৌধুরী।
ফোক গান গাওয়া প্রসঙ্গে পূজা বলেন, ‘এই প্রথম ফোক গানে কন্ঠ দিয়েছি। এর আগে স্টেজ শোতে গাইলেও এই প্রথম মৌলিক একটি ফোক গানে কন্ঠ দিলাম। তবে গানটি আধুনিক ফোক বলা যায়। গানটি শুনলে সবার ভালো লাগবে। আমরাতো সব সময় শহর কেন্দ্রিক মানুষের জন্যই গান করে থাকি। উদাস মন গানটি শহর থেকে শুরু করে গ্রাম বাংলার সবাই গানটি পছন্দ করবে আমার বিশ্বাস। আলম ভাইয়ার সাথে প্রথম কাজ আমার, এর আগে কাজ করা হয়নি। অনেক বার গানের ব্যাপারে কথা হয়েছে কিন্তু করা হয়নি। অবশেষে ভাইয়ার সাথে কাজ করা। আশা করছি সামনে আরো কাজ হবে।’
জিয়াউদ্দিন আলম বলেন, ‘আগে অনেক জনপ্রিয় শিল্পীদের গান করলেও এই প্রথম পূজার গান করেছি। অনেক বারই পুজার জন্য করবো করবো বলে করা হয়নি। প্রথম তার জন্য গান করলাম । পূজা যে টাইপ এর গান করেন তার থেকে আলাদা কিছু পাবে শ্রোতারা। আশা করি শ্রোতারা পছন্দ করবে।’
