করোনাভাইরাস মোকাবিলায় আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যের কর ও দাম বাড়ানোসহ চারটি প্রস্তাব দিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো।
রোববার তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা), অ্যান্টিটোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা), এসিডি, ঢাকা আহছানিয়া মিশন, ইপসা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) এবং বিটার পক্ষ থেকে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।
বাজেটে সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রবর্তন, সিগারেটে দুটি মূল্যস্তর এবং তামাকপণ্যের খুচরা মূল্যের ওপর ৩ শতাংশ সারচার্জ আরোপসহ তামাক কর ও দাম বাড়ানোর প্রস্তাব করেছে তারা।
তামাকবিরোধী সংগঠগুলোর প্রস্তাবনায় বলা হয়েছে সিগারেটের মূল্যস্তর সংখ্যা ৪টি থেকে ২টিতে (নিম্ন ও প্রিমিয়াম) নামিয়ে আনা; বিড়ির ফিল্টার ও নন-ফিল্টার মূল্য বিভাজন তুলে দেওয়া; ধোঁয়াবিহীন তামাক পণ্যের (জর্দা ও গুল) মূল্য বাড়ানো; এবং সব তামাক পণ্যের খুচরা মূল্যের ওপর ৩ শতাংশ হারে সারচার্জ আরোপ করা।

