করোনাভাইরাস প্রতিরোধে সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। ক্রীড়া ব্যক্তিত্বরাও এর ব্যতিক্রম নন। মেসি-রোনালদোরা এগিয়ে এসেছেন, এগিয়ে এসেছে তাদের ক্লাবগুলোও।
এবার সেই তালিকায় যোগ হলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রও। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইউনিসেফকে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৮৭ লাখ ৯২ হাজার টাকা) দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড।
ব্রাজিলিয়ান টেলিভিশন শো ‘ফোফোকালিজান্দো’র বরাতে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইউরোপের সব বড় বড় ফুটবল টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে। এজন্য ক্লাবের অনুমতি নিয়ে নিজ দেশ ব্রাজিলে ফিরেছেন নেইমার। কিন্তু দেশে ফিরেও তার বিরুদ্ধে কোয়ারেন্টাইন ভাঙার অভিযোগ উঠে। যদিও পরে তার প্রতিনিধি বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন।
আপাতত ব্রাজিলের রিও ডে জেনেরিও’র বাড়িতে নিজ সন্তান ও ফ্রান্স থেকে তার সঙ্গে ফেরা কয়েকজন বন্ধুর সঙ্গে কোয়ারেন্টাইনে আছেন তিনি।

