ইউরো ২০২০ বাছাইপর্ব শুরু হচ্ছে আজ


paperslife

ফুটবলের রমরমা আয়োজনে ইউরোপ অঞ্চলের সেরা টুর্নামেন্ট ইউরো কাপের বাছাইপর্ব শুরু হচ্ছে আজ থেকে। বাছাইপর্বের মধ্য দিয়ে যোগ্যতা অর্জন করা ২৪টি দল আগামী বছর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাছাইপর্বে উয়েফার ৫৫টি দেশ সর্বমোট ১০টি গ্রুপে বিভক্ত হয়ে বাছাইপর্বে অংশগ্রহণ করবে। এর মধ্যে পাঁচটি গ্রুপে ৬টি দল এবং বাকি পাঁচটি গ্রুপে ৫টি দল বিভক্ত হয়ে হোম এন্ড এওয়ে ভিত্তিতে একে অপরের বিপক্ষে লড়বে। এবারই প্রথম সরাসরি কোন দল মূল আসরে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। এমনকি স্বাগতিক হিসেবেও বাড়তি কোন সুবিধা পাচ্ছেনা কোনো দল।

গ্রুপ পর্বের ম্যাচ শেষে শীর্ষ ২০টি দল যাবে মূল পর্বে, বাকি চারটি পজিশনের জন্য প্লে-অফের নিয়মে এবার কিছু পরিবর্তন করেছে উয়েফা। জটিল এ পদ্ধতিতে উয়েফা নেশনস লীগের ১৬টি দলের প্রাধান্য থাকবে প্লে-অফের জন্য।

গত বছর উয়েফার ৫৫টি দল নিয়ে প্রথমবারের চালু করা হয়েছে নেশন্স লিগ। দলগুলো তাদের অবস্থানের ভিত্তিতে চারটি টায়ারে (লিগ এ-ডি) চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছে। গ্রুপ পর্ব শেষে নেশন্স লিগের ১৬টি গ্রুপ বিজয়ী প্লে অফে খেলার ব্যপারে সুবিধাজনক অবস্থানে থাকবে। তবে বাছাইপর্বে শীর্ষ দুইয়ে থাকতে ব্যর্থ হলেই কেবলমাত্র তারা প্লে অফ খেলার সুযোগ পাবে।

নেশন্স লিগের ১৬টি দল হলো :

লিগ এ : ইংল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড

লিগ বি : বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, ডেনমার্ক, সুইডেন, ইউক্রেন

লিগ সি : ফিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, সার্বিয়া

লিগ ডি : বেলারুস, মেসিডোনিয়া, জর্জিয়া, কসভো

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১-৫৫’র মধ্যে থাকা দলগুলো নিয়ে নেশন্স লিগ অনুষ্ঠিত হয়েছে। নেশন্স লিগের গ্রুপ বিজয়ীরা যদি বাছাইপর্বেও নিজেদের গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকে তবে লিগের পরবর্তী সেরা দল ইউরোতে খেলার যোগ্যতা অর্জণ করবে।

চলতি বছর মার্চ থেকে নভেম্বরের মধ্যে বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নেশন্স লিগের ফাইনালে যে দলগুলো খেলবে তাদের জুনে বাছাইপর্বের কোন ম্যাচ নেই। জুনে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য নেশন্স লিগের ফাইনালে একে অপরের মুখোমুখি হবে ইংল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ড।

কাজাখস্তান ও স্কটল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে ইউরো ২০২০ বাছাইপর্ব। এছাড়াও আজ লড়বে সাইপ্রাস-সান ম্যারিনো, নর্দান আয়ারল্যান্ড-এস্তোনিয়া, নেদারল্যান্ডস-বেলারুশ, স্লোভাকিয়া-হাঙ্গেরী, ক্রোয়েশিয়া-আজারবাইজান, অস্ট্রিয়া-পোল্যান্ড, নর্দান মেসাডোনিয়া-লাটভিয়া, ইসরাইল-স্লোভানিয়া, বেলজিয়াম-রাশিয়া।