ছোটবেলায় একবার চেয়েছিলাম পাখি হব, যেখানে খুশি উড়ে যাব! কিন্তু, বুঝতে পারলাম আমার পাখা নেই।তারপর ইচ্ছে হলো আকাশ হব,পাখিরা তো আকাশেই উড়ে বেরায়। কিন্তু আকাশ তো ছুঁতেই পারা যায় না।
এবার ভাবলাম মেঘ হব, আকাশে ভাসবো। তবুও হল না, সে তো ধরাও যায় না। পথিক হতে চাইলাম, পথ হতে চাইলাম – গাছ, নদী, পাহাড় আরও কতো কিছু যে হতে চেয়েছিলাম! কিন্তু কিছুই হতে পারলাম না।
বাবা আমাই ডেকে বললেন, তুমি মানুষ হও! ভেবেছিলাম আমায় সান্ত্বনা দিচ্ছেন বাবা, আমিই তো মানুষই। না হতে পারার তো কিছু নেই। আমি বড় হলাম। এবার আমি বাস্তবতার ইচ্ছেই মাতলাম।
কখনো আমি মেয়ে হলাম, কখনো বোন। কখনো প্রিয় বন্ধু, কখনো অপ্রিয় প্রয়োজন। প্রেমিকাও হতে চেয়েছিলাম, কিন্তু হলাম অবসরে খেলার পুতুল। বুঝতে শিখলাম, আমি আসলে অনেক কিছুই।
এমনকি অন্ধ হয়ে, বোবা হয়ে, কানে তুলো গুজে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কিছু পশুর নজর এড়িয়ে আসা আমি একটা উগ্র মেয়েও বটে। এতো কিছুর পরেও আমি ঠিক আমি হলাম না।
এতো দিনে বাবার কথা বুঝতে পারলাম, মানুষ এর মতো দেখতে হলেই মানুষ হওয়া যায় না। আমি এখনো আমি হতে পারলাম না, ঠিক মানুষ হতে পারলাম না।
লেখিকা : নাজিফা তাসনীম জেরিন

