দেশের উভয় স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক ইতিবাচক প্রবণতায় ফিরেছে। এদিন দিনের শুরু থেকেই বাড়তে থাকে সূচক। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। দিন শেষে উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১০৮ দশমিক ৫৭ পয়েন্ট বা ১ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৯৭ দশমিক ৪৪ পয়েন্টে। এদিকে ৫০ দশমিক ৬৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২ হাজার ১০৬ দশমিক শূন্য ২ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ১৭ দশমিক ৩৪ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৪ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১২ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৩৯৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৭০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ২৭৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ২৬১টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত ছিল ২০টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৬৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪০৩ দশমিক ৬১ পয়েন্টে উন্নীত হয়। আর ৩০২ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৭৫ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৬৫ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৬২২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১০ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৭০৮ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৪৬টির ও অপরিবর্তিত ছিল ১৬টির বাজারদর।
