ইরাকের দক্ষিণাঞ্চলের শহর নাসিরিয়ার নিকটে ইসলামিক স্টেটের (আইএস)- এর বন্দুক ও গাড়ি বোমা হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৯৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির দক্ষিণের প্রদেশ থি কারের শহর নাসিরিয়ায় কিছু হামলাকারী মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টে প্রবেশ করে অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। রেস্টুরেন্টটিতে হামলার কিছুক্ষণ পর একই এলকায় নিরাপত্তা বাহিনীর একটি চেক পয়েন্টে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ বিষয়ে প্রদেশের প্রধান স্বাস্থ্য সহকারী আবদেল হুসাইন আল-জাবেরি বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত ৭৪ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন।
এদিকে বাগদাদ থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই প্রদেশটিতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস। প্রদেশের গভর্নর ইয়াহিয়া আল-নাসিরি জানিয়েছেন, রেস্টুরেন্টের মধ্যে হামলায় নিহতদের অনেকেই ছিলেন ইরানি পর্যটক।
