‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ হবে সব যুদ্ধের মা’


‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ হবে সব যুদ্ধের মা’

তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হিংসাত্মক নীতির সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকার জানা উচিত— ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে সব যুদ্ধের মা।

গতকাল রবিবার ইরানি কূটনীতিবিদদের উদ্দেশে এক ভাষণে রুহানি বলেন, ট্রাম্প, সিংহের লেজ দিয়ে খেলার চেষ্টা করবেন না। এর ফলে আপনাকে কেবল আফসোসই করতে হবে।

একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে ২০১৫ সালে সম্পাদিত ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি থেকে সম্প্রতি নিজের দেশকে প্রত্যাহার করার পর ট্রাম্প ইরানের ওপর চাপ বৃদ্ধি এবং নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

ইরানি কূটনীতিবিদদের উদ্দেশে এক ভাষণে রুহানি বলেন, ট্রাম্প, সিংহের লেজ দিয়ে খেলার চেষ্টা করবেন না। এর ফলে আপনাকে কেবল আফসোসই করতে হবে।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত— ইরানের সঙ্গে শান্তি হচ্ছে সব শান্তির মা এবং ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে সব যুদ্ধের মা। অবশ্য ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের সঙ্গে মার্কিন সম্পর্কের টানাপড়েন চললেও সে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও তিনি উড়িয়ে দেননি।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানি জনগণকে ইরানের নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার মতো অবস্থানে আপনি নেই। সম্প্রতি ওয়াশিংটন ইরানের ইসলামী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এ প্রতিবেদনের উল্লেখ করে তিনি এ বক্তব্য রাখেন।

ইরানের তেল রফতানি বন্ধ করে দেয়ার ট্রাম্পের হুমকি প্রসঙ্গে রুহানি বলেন, উপসাগরে এবং তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পানিপথ হরমুজ প্রণালিতে ইরানের প্রভাবশালী অবস্থান রয়েছে।

রুহানি বলেন, রাজনীতির প্রাথমিক বিষয়গুলোও যিনি বোঝেন, তিনি কখনই বলবেন না যে, আমরা ইরানের তেল রফতানিই বন্ধ করে দেব। তিনি আরো বলেন, আমরা ইতিহাসজুড়ে আঞ্চলিক পানিপথের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রুহানিকে সমর্থন দিয়ে বলেন, যদি ইরানের তেল রফতানি বন্ধ করে দেয়া হয়, তবে ইরান উপসাগরের তেল রফতানিও বন্ধ করে দিতে পারে।

ওয়াশিংটন বিভিন্ন দেশকে ইরান থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করলে এর জবাবে চলতি মাসের শুরুর দিকে রুহানি প্রতিবেশী দেশগুলো থেকে তেল সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিলেন।

অতীতে যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপের জবাবে ইরানি কর্মকর্তারা বেশ কয়েকবার হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছেন।