ইরানে অ্যাপ স্টোর বন্ধ




ইরানের আইফোন গ্রাহকরা অ্যাপ স্টোরে প্রবেশ করতে পারছেন না। দেশটি থেকে অ্যাপ স্টোর সেবা ব্যবহারের সব পথ ব্লক করে দেয়া হয়েছে। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইরানে সরাসরি আইফোন বিক্রি বা অ্যাপ স্টোর সেবা না দিলেও দেশটির গ্রাহকরা এতদিন অন্য দেশ থেকে আইফোনের মতো অ্যাপল পণ্য আমদানি এবং অন্য এলাকার ঠিকানা দিয়ে অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা নিতেন।
কিন্তু প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এবার সে রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে। ইরান থেকে অ্যাপ স্টোরে প্রবেশের সব ধরনের পথ ব্লক করে দিয়েছে অ্যাপল।
প্রশ্ন দেখা দিয়েছে, হঠাৎ কেন এ পরিবর্তন? বিষয়টি এখনো স্পষ্ট নয়। গত বছর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ধারণা করা হচ্ছে, এরই জেরে অ্যাপল এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি। বিষয়টি নিয়ে তাত্ক্ষণিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
ভার্জের প্রতিবেদনের তথ্যমতে, ইরানের আইফোন ব্যবহারকারীরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে বিকল্প রুটে আইওএস ডিভাইস দিয়ে অ্যাপ স্টোর ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে তাদের অবস্থান অন্য কোনো দেশে দেখানো হবে।
বর্তমানে ইরান থেকে যেসব ব্যবহারকারী অ্যাপ স্টোর ব্যবহারের চেষ্টা করছেন, তাদের একটি বার্তা দেখানো হচ্ছে। এতে বলা হয়, ‘আপনার দেশ বা অঞ্চলে অ্যাপ স্টোর পাওয়া যায় না।’
জানা যায়, গত বছর থেকে ইরানের ডেভেলপারদের উন্নয়নকৃত অ্যাপগুলো অ্যাপ স্টোর থেকে সরাতে শুরু করে অ্যাপল। গত আগস্টে দেশটিতে জনপ্রিয় একাধিক অ্যাপ সরিয়ে দেয়া হয়।