ইরানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, নিহত ২১




সমগ্র ইরান জুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। কয়েকদিনের বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। অর্থনীতিকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে আন্দোলনের সূত্রপাত হলেও ক্রমে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।
এর মধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি কয়েক দিনের মধ্যেই আন্দোলনের সমাপ্তি হবে বলে আশা করছেন। গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোন আলাপে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের পাশাপাশি সরকারপন্থীরাও সরকারের পক্ষ নিয়ে শক্তি দেখানো শুরু করেছেন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বুধবার দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার সরকারপন্থী আন্দোলনকারী মিছিল করছে। কোয়াম, আহভাজ ও কারমানশাহসহ ইরানের বিভিন্ন শহরে হাজার হাজার সরকারপন্থী এতে অংশ নেন। এ সময় তারা ‘নেতা, আমরা প্রস্তুত’ বলে চিত্কার করতে থাকে। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইরানের পতাকা, প্ল্যাকার্ড ও দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি দেখা যায়। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ আমাদের নেতার জন্য আমরা রক্ত দেব’।
এ বিক্ষোভ শুরু হয়েছিল গত বৃহস্পতিবার মাশাদ শহর থেকে। মূলত জিনিসপত্রের দামবৃদ্ধির মত অর্থনৈতিক ইস্যু নিয়ে প্রতিবাদ শুরু হলেও এখন বিক্ষোভকারীরা ধর্মীয় নেতা-নিয়ন্ত্রিত ইরানি সরকারকে উৎখাত করার ডাক দিচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এখন বিক্ষোভের কিছু সংবাদ চিত্র দেখানো হচ্ছে, এতে যুবক বিক্ষোভকারীদের ব্যাংকে আক্রমণ করতে, বা ইরানি পতাকা পোড়াতে দেখা যাচ্ছে। রোববার ইরানের খোরামাবাদ, যানজান ও আহভাজ শহরে মিছিল থেকে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির পদত্যাগ ও তাঁর ‘নিপাত’ যাওয়ার দাবিতে স্লোগান দেয়া হয়। আবহার শহরে বিক্ষোভকারীরা দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির ছবিওয়ালা বিশাল ব্যানারেও আগুন ধরিয়ে দেয়।
২০০৯ সালে প্রেসিডেন্ট মেহমুদ আহমাদিনেজাদ বিতর্কিতভাবে দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে এবারের সরকারবিরোধী বিক্ষোভকেই জন অসন্তোষের সবচেয়ে গুরুতর ও ব্যাপক প্রকাশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।