পবিত্র ঈদুল ফিতরে ছুটিসহ সরকারি ও সাপ্তাহিক বন্ধের দিনেও প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে দেশের সব পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম অব্যাহত থাকবে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালযয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, ঈদের ছুটি, যেকোনো ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিনেও নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা যাতে অব্যাহত থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে রাজধানী ঢাকায় ২১টি ও এর বাইরে আরো ২১টিসহ মোট ৪২টি ল্যাবরেটরিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ২০৭ জনের। এছাড়া একদিনে (গত ২৪ ঘণ্টায়) আরও ১৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১৪ জন। মোট সুস্থ ৫ হাজার ২০৭ জন।
বুধবার (২০ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

