দেশজুড়ে চলমান করোনা সংক্রমণে এবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রথম একজনের মৃত্যু হয়েছে। গত ৩০ মে রাতে কক্সবাজাররে উখিয়া ‘এমএসএফ’ হাসপাতালে ওই রোহিঙ্গা মারা যায়।
মঙ্গলবার (২ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি উখিয়ার কুতুপালং রেজিস্ট্রেশন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বয়স ৭১ বছর বলে জানিয়েছেন কক্সবাজার কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।
এই ঘটনায় আরও ৯ জন রোহিঙ্গাকে আইসোলেসনে পাঠিয়েছে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়।
ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া জানান, উখিয়ার কুতুপালং রেজিস্ট্রেশন ক্যাম্পের একটি ব্লকে করোনা উপসর্গ নিয়ে ৭১ বছর বয়সী এক রোহিঙ্গা অসুস্থ হয়। পরে ৩০ মে ওই রোহিঙ্গা মারা যায়। এরপর তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, ওই রোহিঙ্গা বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। তার করোনা পজিটিভ আসে। এ কারণে মৃত রোহিঙ্গার সংস্পর্শে আসা ৯ জন রোহিঙ্গাকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে তাদের সবার শারীরিক অবস্থা ভালো আছে এখন পর্যন্ত।
উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় কেন্দ্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন রোহিঙ্গা।

