উপমহাদেশের নবম সেরা মাশরাফি



আবাহনী ও মোহামেডান খেলা মানেই যেন এক ধ্রুপদী লড়াই। তবে সে জৌলুস এখন আর নেই, নেই উত্তেজনা। তাই আজকের এমন লড়াই নিয়ে মাথাব্যথা নেই কারো। আর দশটা সাধারণ খেলার মতই যেন আজকের খেলা।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাভারের বিকেএসপি মাঠে অনুষ্ঠিত এ ম্যাচটি আলোচনায় এসেছে মাশরাফির জন্য।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ‘লিস্ট এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি। একই সঙ্গে উপমহাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি পেসারদের তালিকায়ও নাম লিখিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’।

বিকেএসপি মাঠে প্রথমে ব্যাট করে ৩০৪ রানের বিশাল স্কোর করে আবাহনী। বড় রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার আবদুল মাজেদের উইকেট হারায় মোহামেডান। ষষ্ঠ ওভারে আরেক ওপেনার ইরফান শুক্কুরকে সরাসরি বোল্ড করে চার শতাধিক উইকেটের এলিট ক্লাবের দ্বিতীয় সদস্য বনে যান ম্যাশ।

কিছুদিন আছে চলতি আসরেই  বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ‘লিস্ট এ’ ক্রিকেয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক প্রিমিয়ার লিগেই ৪০০ উইকেট শিকারির তালিকায় প্রথম নাম লেখান স্পিনার আবদুর রাজ্জাক। এই মাইলফলক স্পর্শ করতে রাজ্জাকের মোট ২৬৯ ম্যাচ খেলতে হয়। যেখানে মাশরাফির ম্যাচ সংখ্যা ২৮৭।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে থাকা ওয়াসিম আকরামের শিকার ৮৮১টি উইকেট। উপমহাদেশের সেরা পেসারদের এ তালিকায় পরের দুটি স্থানও দখল করে রেখেছেন পাকিস্তানি বোলাররা।

৬৭৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আরেক কিংবদন্তি ওয়াকার ইউনিস। তৃতীয় স্থানে আছেন ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খান। তার শিকার মোট ৫০৭টি উইকেট।

৫০৬ উইকেট নিয়ে ইমরান খানের পরে আছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। ৪৩০ উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন লাসিথ মালিঙ্গা।

৪২০ উইকেট নিয়ে ভারতের অজিত আগারকার ষষ্ঠ এবং ৪০৪ উইকেট নিয়ে আরেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ আছেন সাত নম্বরে।

পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ইয়াসির আরাফাত ৪০৪ উইকেট নিয়ে আছেন আট নম্বরে। সর্বশেষ নবম পেসার হিসেবে অভিজাত এই তালিকায় যুক্ত হলেন মাশরাফি।

আর মাত্র ৩০ উইকেট নিতে পারলেই পেরিয়ে যাবেন পাকিস্তানের ইয়াসির আরাফাত, ভারতের জাভাগাল শ্রীনাথ ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে।