আবারো সূচক বেড়েছে দেশের শেয়ারবাজারে। দিনের শুরুতে উর্ধ্বমুখী প্রবণতায় ছিল সূচক। সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকলেও দিন শেষে সব কটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। দর বেড়েছে উভয় পুঁজিবাজারের সিংহভাগ সিকিউরিটিজই। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেনাবেচাও আগের দিনের চেয়ে বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪২৯ দশমিক শূন্য ৪ পয়েন্টে। এদিকে ২ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৮ দশমিক ৫৬ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ৬ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ২৬৬ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৭ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৮৬০টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৭০৩ কোটি ৫১ লাখ ৯৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬৩৯ কোটি ৪২ লাখ ৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত ছিল ৪১টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯২ দশমিক শূন্য ৩ পয়েন্টে উন্নীত হয়। আর ৪৪ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭১ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪১ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ১৫৫ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৭৫ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৫১ টাকা।
