কুড়িগ্রামের উলিপুরে নুতুন করে আঠারো মাস ও ৭ বছর বয়সী আপন ২ ভাইয়ের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৩ জনে। আক্রান্ত দুই শিশু ঢাকা ফেরত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সাতদরগাহর নন্দুনেফড়া গ্রামের আক্রান্ত দুই ভাই (১৮ মাস) ও (৭ বছর) গত ২৬মে ঢাকা থেকে তাদের পরিবারের সাথে বাড়িতে আসেন। এরপর গত ২৮মে উপজেলা স্বাস্থ্য বিভাগ নতুন আক্রান্ত ২ শিশুর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বুধবার (০৩জুন) প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে কোভিড-১৯ এর অস্থিত্ব পাওয়া যায়।
আক্রান্ত শিশুদের মামা আব্দুল মান্নান মোবাইল ফোনে জানান, আমার বোনের পরিবার গত ২৬ মে ঢাকা থেকে উলিপুরে এসে উত্তর দলদলিয়ার তেজার মোড়ে আমাদের বাড়িতে উঠেছে। তাদের শরীরে কোনো উপসর্গ ছিলোনা, তবুও সাবধানতা অবলম্বন করে গত ২৮ মে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে এসেছিলাম। আজ সন্ধ্যা ৬ টার পর ফোন দিয়ে আমাদের জানানো হয়েছে যে আমার দুই ভাগিনা করোনা পজেটিভ। তিনি আরও জানান, আমার দুই ভাগিনা ভালো আছে এবং আমরা পরিবারের সবাই ভালো আছি। ওদের বাবা ঢাকার সাভারের একটি নীটিং ফ্যাক্টরির নীটিং মাস্টার হিসেবে কাজ করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ওই দুই ভাইয়ের করোনা আক্রান্তের ফলাফল আসে। আমরা এখন আক্রান্তদের বাড়িতে যাচ্ছি। তারা বর্তমানে উপজেলার দলদলিয়া ইউনিয়নের তেজার মোড়ে তাদের মামা বাড়িতে রয়েছে বলে জানতে পেরেছি এবং শিশু দুটি ভালো আছে। সেখানে গিয়ে আক্রান্তের বাড়ি লকডাউন ঘোষানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
গত ২৮ মে আক্রান্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। তিনি আরও জানান, এখন পর্যন্ত উপজেলায় ২শ ৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ ফলাফল আসে। আক্রান্ত ১৩ জনের মধ্যে একজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার

