দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। চার কার্যদিবস পরে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে সূচক। দিনের শুরু থেকে কমলেও সোয়া ৩টার পর বাড়তে থাকে সূচক। দিন শেষে বেড়েছে সবগুলো সূচকই। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১১ দশমিক শূন্য ৭ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৮৪ দশমিক ৬৭ পয়েন্টে। এদিকে ৩ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে ২ হাজার ১৭৯ দশমিক শূন্য ৮ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ৩ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৩ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৩ কোটি ৪১ লাখ ৯২ হাজার ৭৭২টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫১৫ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪১২ কোটি ২৫ লাখ ৪২ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত ছিল ৫৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৮৭ দশমিক ৭৮ পয়েন্টে উন্নীত হয়। আর ১১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৩০ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৭ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ১০৮ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৫ কোটি ৪ লাখ ১৫ হাজার ৮৫৮ টাকা।
