সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। সঙ্গে সঙ্গে লেনদেনও বেড়েছে উভয় বাজারে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১২ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৪৭ দশমিক ৮২ পয়েন্টে। ৩ দশমিক ৫ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৫৫ দশমিক ৮৬ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৭ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৫ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৯ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ১০৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪২৬ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৮৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত ছিল ৫০টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ২৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯০৭ দশমিক ৫৯ পয়েন্টে উন্নীত হয়। ৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৯৬ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩০ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৪৬৬ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৬ কোটি ৩০ লাখ ৯৮ হাজার ৬৩২ টাকা।
