ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচক



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থান ঘটেছে। দিনের শুরুতে কিছুটা মন্দা ভাব থাকলেও শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। এদিকে লেনদেনও বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৮০ দশমিক ৩৭ পয়েন্ট বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮২৭ দশমিক ৫২ পয়েন্টে। এদিকে ২৬ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ বেড়ে ২ হাজার ১৭৬ দশমিক ৭২ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ১৫ দশমিক ৫ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৫ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৯ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৭৭৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৯৯ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৪১ কোটি ৮৫ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ২৩৪টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৭০ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৬৮ দশমিক ৯৯ পয়েন্টে উন্নীত হয়। আর ২৪৯ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৮২ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৮৬ কোটি ১৬ লাখ ৩১ হাজার ৩০৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩০ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৪১৮ টাকা।