এই জাফর'রা যেন হারিয়ে না যায়




সাকিব আহমেদ
‘নাম্বার টেন’ – ফুটবল দুনিয়ায় গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার, কিংবা সাবেক হয়ে যাওয়া জিদান, ম্যারাডোনা, পেলে, রোনালদিনহোরাও তো নাম্বার টেন। যাদের নিয়ে ফুটবল রচনা হয়। যাদের পায়ের জাদুতে ফুটবল তার গল্প খুঁজে পায়। নাম্বার টেন নিয়েই একটি দল তাদের আক্রমন সাজাতে থাকে।
এই তো গেল বিশ্বের নাম্বার টেনের গল্প। বাংলাদেশেরও একজন নাম্বার টেন আছে। আরো ভালো করে করে বললে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের একজন নাম্বার টেন আছে। যার পায়ে নতুনের স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবল। বাংলাদেশ ফুটবলের সব থেকে বড় বিজ্ঞাপন এখন সে। যার পায়ের জাদুতে সাফ অনূর্ধ্ব-১৮ রানার্সআপ হয়েছে বাংলাদেশ। নেপাল আক্ষেপ না হলে চ্যাম্পিয়ন হতে পারত লাল-সবুজের দেশটি। সেই ছেলেটি জাফর ইকবাল। বাংলাদেশের ফুটবলের নিভে যাওয়া প্রদীপ জ্বালিয়ে তোলা এক তরুণ তুর্কি।
গত বছরের ফেডারেশন কাপ। সবাইকে চমকে দিয়ে ফাইনালে আরামবাগ। যাদের হাত ধরে আরামবাগের এই সাফল্য তাদের একজন জাফর ইকবাল। বাম পাশ দিয়ে দুর্দান্ত গতি আর ড্রিবলিংয়ে নজর কেড়েছেন সবার। বছর ঘুরতে না ঘুরতেই সেই জাফরকে নিয়ে এখন জাতীয় দলে মাতামাতি। হোক না তা অনূর্ধ্ব-১৮। বলা হচ্ছে, তাঁদের পায়ে যে ফুটবল দেখা গেছে তা সিনিয়ররাও মাঠে দেখাতে পারবেন না। আর হবে নাই বা কেন, ভুটানের বিপক্ষে ড্রিবলিংয়ে দুর্দান্ত গোল, মালদ্বীপের বিপক্ষে দূর পাল্লার অসাধারণ গোল তো ইউরোপ ফুটবলেই শোভা পায়।
২০১৫ বঙ্গবন্ধু গোল্ডকাপ। দুর্দান্ত খেলা বাংলাদেশ ফাইনালে। খেলবে মালয়েশিয়ার সাথে। মালয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে যায় বাংলাদেশ। সে সময় বান্দরবানে জাফর। টিভিতে দেখেছেন সেই শেষ বেলার পরাজয়।
স্কুলপড়ুয়া জাফরের জাতীয় দলে খেলার স্বপ্নটা মনে গেঁথে যায় সেদিনই, ‘ম্যাচ তখন ২-২ এ ড্র চলছিল। একটা জয়সূচক গোল দরকার। আমার তখন মনে হচ্ছিল, আমি নিজে যদি আজ সেখানে থাকতাম। তাহলে আমিই কিছু একটা করে দেখাতে পারতাম।’
তার সে ইচ্ছা পূরণ হয়েছে। ভারতের বিপক্ষে ০-৩ গোলে পিছিয়ে থেকেও বাংলাদেশ জিতেছে ৪-৩ গোলে। জাফর করেছেন দুইটি, করিয়েছেন একটি। শেষ সময়ের ইনজুরি টাইমে জয়সূচক গোলটিও আসে তার মাথা থেকে।
ভারতের বিপক্ষে করা দুটি গোলই তিনি করেছেন কর্ণার থেকে হেডে। এতে তাঁর স্কিল, ভিশন ও বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। প্রতিটি গোলেই যেন নিজেকে ছাড়িয়ে গেছেন। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বক্সের অনেক বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে যে গোলটি করেছেন তেমন গোল তো বাংলাদেশের ফুটবলে মরীচিকার মত। শুধু বাংলাদেশের ফুটবলে কেন? ফুটবল দুনিয়ায় এমন গোলকে শ্রেষ্ঠের কাতারে ফেলা যায়।
পরের ম্যাচে নেপালের সাথে জিতেনি বাংলাদেশ। কিন্তু তার পরের ম্যাচেই জাদু। তবে চমকটা শুরুতেই, যখন জাফর ইকবালকে ছাড়া একাদশ যেন বিশ্বের জন্ম দেয়। সেই ম্যাচে গোলশুন্য স্কোর যখন বাংলাদেশ মাঝবিরতিতে যায় তখন ভুটানের এক ফুটবলার কৌতূহলবসত প্রশ্নটা করেই ফেলেন, ‘হোয়ার ইজ ইওর নাম্বার টেন?’ তাদের হাবভাবে স্পষ্ট ছিল, বাংলাদেশের ‘নাম্বার টেন’ নিয়ে তাদের বাড়তি পরিকল্পনা। তাদের ধারণা, জাফরকে ছাড়া বাংলাদেশকে হারাতে না পারুক নিজেরাও অন্তত হারবে না। ৫৩ মিনিট পর্যন্ত গোলশুন্য থাকা বাংলাদেশ যেন সেই আভাসই দিচ্ছিলো।
৫৪ মিনিট, নতুন বার্তা নিয়ে মাঠে নামলেন জাফর। সাথে সাথেই জাফরকে ঠেকাতে দুইজন আশেপাশেই ঘোরাফেরা করছে। যেন বাংলাদেশের মেসি মাঠে এবং তাঁকে আটকাতে সবরকম চেষ্টা। মেসিরা তো হার মানে না। তাঁরা প্রতিপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে দিতেই জন্ম নেয়। জাফরও সেই পথে এগিয়ে গেলেন। খেলার বয়স যখন ৮১ মিনিট, ভুটানের আক্রমণভাগে দুর্দান্ত ড্রিবলিংয়ের ছোঁয়ায় সবকিছু মুগ্ধ করে দিয়ে গোল করলেন। এর তিন মিনিট পর আবারো জাদু দেখিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল। ভুটানের সব পরিকল্পনা এভাবেই ধ্বংস জাফরের কাছে। টুর্নামেন্টে চার ম্যাচে পাঁচ গোল।
বছর দুই আগে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সে দলে কিছু সম্ভাবনাময় ফুটবলার সবার নজর কেড়েছিল। আজ, সময়ের সাথে সাথে সেই ফুটবলারদের অনেকের নামই শোনা যায় না। জাফরদের বেলায় যাতে তা না হয়। ১৯৬ অবস্থানে থাকা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে জাফরদের দরকার। ওদের মত নাম্বার টেন দরকার। যারা হার না মানা লড়াই করবে শেষ পর্যন্ত।
এ জাতির ফুটবল নিয়ে মাতামাতির অন্ত নেই। আর্জেন্টিনা-ব্রাজিল-জার্মানি কিংবা মেসি-রোনালদো-নেইমার। তাদের নিয়ে যতটা মাতামাতি হয়, বাংলাদেশের জাফর কিংবা নিজের স্বপ্নের বাংলাদেশ নিয়ে তার থেকে বেশীটাই হবে।
যাদের দায়িত্ব, তাদের কাছে আকুল আবেদন। এই জাফরদের ধরে রাখুন। এঁরাই একদিন আমাদের স্বপ্নপূরণ করবে, ঠিকই করবে…