একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)




লেখক: কাজী মনির
কোন দুরভিসন্ধি তার আছে, কিন্তু সেটা কি? তার শ্লীলতাহানী করতে চায়? কিন্তু তার জন্য এত কিছু কেন করবে, এই ঘরে ঢুকেই সে সেটা করতে পারতো। আর তখনই রাস্তায় বের করে দিতে পারতো। লোকটি তা করেনি।
এমনকি যতবার তাকে সহযোগিতা করার জন্য তার গায়ে স্পর্শ করেছে, মনে হয়েছে খুবই সম্ভ্রমের সাথে এবং হাত ও মাথা স্পর্শ করেছে মাত্র। ইচ্ছা করলে সে তো অন্যভাবে স্পর্শ করতে পারতো। না না আর যাই হোক, এ পর্যন্ত তার কথা ও আচরণের মাঝে কোন সন্দেহ করার মত কিছু নেই। হয়তো সে অনেক ভাল মানুষ।
পৃথিবীতে কি শুধু খারাপ মানুষই থাকে? নানারকম ভাবনায় বাথরুমে কতক্ষণ কেটেগেছে ঠিক নেই! বাইরে আওয়াজ শুনে স্বস্তি ফিরে পেল শীরিন এবং তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে দরজা খুললো।
রানা শিরীনকে উদ্দেশ্য করে বললো: দেখুন আপনার ফ্রেশ হওয়ার আগেই চলে এসেছি। বলতে বলতে চোখ পড়লো শিরীনের প্রতি। একি! কিছুক্ষণ আগে যে মেয়েটিকে সে বাসায় রেখে গিয়েছিল, এ কি সেই মেয়ে? এত সুন্দর রূপ আর সৌন্দর্য মানুষের হয় নাকি। এমন সুন্দরী মেয়ে এর আগে সে দেখেছে বলে মনে হয় না। নাকি কোন পরী-টরি হবে! অপলক চোখে দেখছে আর ভাবছে।
কথা বলতে বলতে রানাকে থেমে যেতে দেখে শিরীন বললো: কি ব্যাপার আবার কেন বাইরে গিয়েছিলেন? শিরীনের কথা রানা শুনতে পেল না, সে অপলক চেয়ে আছে শিরীনের দিকে। শিরীন একটু জোরে আবার একই প্রশ্ন করলো। তখন রানা সম্বিত ফিরে পেয়ে বললো: একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম তাই আপনার কথা শুনতে পাইনি স্যরি। আসলে আপনি খুব সুন্দর।
শিরীন অপ্রস্তুত হয়ে নিজের কাপড় -চোপড় ঠিক করতে করতে বললো: আবার কেন বাইরে গিয়েছিলেন? রানা বললো: সন্ধ্যা হয়ে এলো প্রায়, রাতের খাবার বাইরে খাবো বলে বুয়াকে আসতে না করেছি। কিন্তু রাতে তো খেতে হবে এবং দুজনেরই! তাই কিছু খাবার নিয়ে আসলাম, আর বের হবো না। আপনি কি এখন ভাত খাবেন? না অন্য কিছু।
ফ্রেশ হওয়ার পর আসলেই শিরীনের ক্ষুধা পেয়েছে! ভাবছে কি বলবে। রানা আবার বললো: আমার জন্য আপনার ভাবতে হবে না আপনি নিজের সুবিধা মত বলেন। আপনি বলুন কি খাবেন।
শিরীন প্রসঙ্গ পাল্টে বললো: আমাকে কি এখানে অনেক সময় রাখবেন? মানে রাতে কি আমাকে রেখে আসবেন না? প্রশ্ন শুনে রানা সত্যি সত্যিই বেকায়দায় পড়ে গেল! সত্যি তো সে ব্যাচেলর, রাতে তার রুমে মেয়েটাকে কেমন করে রাখবে? অথচ এ কথা তার একবারও মনে হয়নি!
এতক্ষণ সে মোহাচ্ছন্ন অবস্থায় ছুটোছুটি করে বেড়াচ্ছে অকারণে। মেয়েটি কে, কোথায় বাড়ি কিছুই তার জানা হয়নি, এমনকি মেয়েটার ইচ্ছা অনিচ্ছার কথাও তার মনে আসেনি। একান্ত নিজের মনে করেই সে পাগলের মত ছুটোছুটি করে বেড়াচ্ছে।
এখন সে মেয়েটির প্রশ্নের কি উত্তর দেবে? সেটাই সে ভেবে পাচ্ছে না।
চুপচাপ দেখে শিরীন আবার প্রশ্ন করলো: কি কিছু বলছেন না যে?
রানা এতক্ষণে মুখ খুললো: দেখুন আসলে আমি বোধশক্তি হারিয়ে ফেলেছিলাম, আপনাকে মানে আপনার অতীত কাহিনী শোনার জন্য আমার বাসায় নিয়ে এসে আবার আপনাকে স্টেশনে কিংবা আপনার পছন্দের জায়গায় রেখে আসতে হবে। তা আমি ভুলেই গিয়েছিলাম। স্যরি আমাকে ভুল বুঝবেন না। নেন আপনি খেয়ে নেন, তারপর কিছুক্ষণ কথা বলে আপনাকে রেখে আসবো।
শিরীন কথাগুলো শোনার সাথে সাথে যেন তার বুকটা হঠাৎ খালি হয়ে গেল, খা খা করে উঠলো বুকের ভেতরটা। রানা টেবিলে কাচ্চি বিরিয়ানীর প্যাকেটটা খুলে দিয়ে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে পাশের সোফায় বসে আগায়ে দিল।
শীরিন জিজ্ঞাসা করলো: আপনি খাবেন না?
রানা বললো: আসলে আমি পড়াশুনা শেষ করে অনেক রাতে খাই। আপনি শুরু করুন।
শিরীন আর বাক্য ব্যয় না করে খাওয়ার জন্য আগায়ে গেল, কারণ ক্ষিদেয় তার পেট চোঁঁচোঁ করছে। শিরীনের খাওয়া দেখেই রানার বুঝতে বাকী রইল না যে মেয়েটা অনেক অভিজাত পরিবারের মেয়ে। তাছাড়া তার চুলের পরিপাট্য আর পোশাক পরার ধরনই বলে দিচ্ছে তার আভিজাত্যের কথা। সাধারণ ঘরের মেয়েরা সাধারণত এমন করে পোষাক পরে না। কিন্তু মেয়েটি ষ্টেশনে এলো কিভাবে? আর এত সুন্দর চেহারাকে কেন সে রং এর আড়ালে লুকিয়ে রেখেছিল?
এমন সময় মসজিদে মাগরিবের আজান হলো। রানা একটু ব্যস্ত হয়ে শিরীনের উদ্দেশ্য বললো: আপনি খাওয়া শেষ করে কোল্ডড্রিংকসটা নেন, আমি মাগরিবের সালাতটা আদায় করে নেই। আসরের সালাতটাও আজ কাজা হয়ে গেছে। বলে বাথরুমে ঢুকে পড়লো।
নামাজ পড়তে যাচ্ছে শুনে শিরীনের মনটা কেমন যেন বলাকার মত প্রফুল্ল হয়ে গেল। আর যাই হোক, এই যুবকের দ্বারা তার কোন ক্ষতির কথা মন থেকে কর্পূরের মত মুছে গেল। মনের সকল আশংকা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে, পরিবর্তে কেমন যেন অনেক চেনা অনেক কাছের মনে হচ্ছে। অথচ এখন পর্যন্ত কোন কথায়ই তার সাথে হয়নি। এক্ষুণি কথা হবে তারপর, তারপর তাকে তো রেখে আসবে! কোথায় রেখে আসবে? কোথায় যাবে সে! এখন এই অবস্থায় সে যদি স্টেশনে ফিরে যায় তাহলে তার সর্বনাশ হয়ে যাবে। যে সর্বনাশের হাত থেকে সে ছয়টি মাস নিজেকে বাঁচিয়ে রেখেছে!