একদিনেই করোনা আক্রান্তে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড



দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮০ জন। এছাড়াও নতুন করে সুস্থ হয়েছে আরও ৪১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৬৯০১ জন। দেশের ৪৭ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫৩২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ হাজার ৬১০ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯০৮ জনের।

আজ রোববার (২৪ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

উল্লেখ্য, রোববার (২৪ মে) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের সূত্র অনুসারে, সারা বিশ্বে ৫৪ লাখ ৩ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন লাখ ৪৩ হাজার ৯৭৫ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন এবং মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৮৩ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৯১৪ জন।