সম্প্রতি বহুল আলোচিত ক্যাসিনো মামলার আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছেন দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া। গত বছরের ২৪ সেপ্টেম্বর তাদের বাসায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়।
এরপর সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়। ক্যাসিনো কারবারি এই দুই ভাইকে জানুয়ারি মাসে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার রাতে এই দুই ভাইয়ের পুরান ঢাকার বাড়ি থেকে এক অভিযানে পাঁচটি সিন্দুক উদ্ধার করে র্যাব। এ সময় সেখান থেকে নগদ অর্থ ও ক্যাসিনোর চিপস উদ্ধারের কথা জানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। র্যাবের তথ্য অনুযায়ী, রাজধানীর পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে এনু ও রূপন ভূঁইয়ার ছয়টি বাসা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আরও বলেন, ওই বাসাটিতে পাঁচটি সিন্দুকভর্তি টাকা, পাঁচ কোটি টাকার এফডিআর বইসহ ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

