এবার করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন রেজা (৫০)। বৃহস্পতিবার (২৩ জুলাই) মাগুরায় সাকিবের মা’সহ নতুন করে নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শিরিন রেজার শরীরে উপসর্গ না থাকায় তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার সাকিবের মা শিরিন রেজাসহ নয়জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ছয়জন পৌর এলাকার ও সদর উপজেলার তিনজন বাসিন্দা রয়েছেন।’
শিরিন রেজা গত ২০ জুলাই করোনা পরীক্ষা করতে নমুনা দেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। এর আগে সাকিবের বাবা মাগুরা কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল গত ১৯ জুলাই করোনা আক্রান্ত হন।
সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল জানান, তারা দুজনেই শহরের সাহাপাড়ার নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। সামান্য কিছু উপসর্গ ছাড়া দুজনই সুস্থ আছেন বলেও জানান তিনি।

