করোনাভাইরাসে আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, দ্বিতীয় রিপোর্টেও তাঁর করোনা পজিটিভ এসেছে। এরই মধ্যে বচ্চন পরিবারের জন্যে ফের দুঃসংবাদ নেমে এল। প্রথমে ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চনের রিপোর্ট নেগেটিভ এলেও এবার তাঁরাও করোনা পজিটিভ হয়েছেন।
শনিবার অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। অমিতাভের স্ত্রী জয়া বচ্চন ও পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। রিপোর্ট নেগেটিভ আসে অমিতাভ-নাতনি আরাধ্যার রিপোর্টও। কিন্তু রোববার রিপোর্টে ঐশ্বর্য-আরাধ্যাও পজিটিভ হলেন।
বিএমসি সূত্রে খবর, শনিবার ঐশ্বর্য-আরাধ্যার যে টেস্ট করা হয়েছিল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আইসিএমআর-এর নির্দেশ হল, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে কারও রিপোর্ট নেগেটিভ এলেও তা শেষ কথা নয়। করাতে হবে আরটিপিসিআর টেস্ট। রবিবার সেই আরটিপিসিআর টেস্ট রিপোর্টেই করোনা পজিটিভ আসেন ঐশ্বর্য-আরাধ্যাও।
শনিবার রাতে অমিতাভ ও অভিষেকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্টে জয়া, ঐশ্বর্য, আরাধ্যা ও তাঁদের বাড়ির সমস্ত কর্মীদের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু নিয়ম মোতাবেক এরপর করা হয় আরটিপিসিআর টেস্ট। তাতেই ঐশ্বর্য, আরাধ্যার রিপোর্ট পজিটিভ আসে। তবে, জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ঐশ্বর্য, আরাধ্যাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে কিনা, তা নিয়ে এখনও কোনও খবর মেলেনি।
অমিতাভ ও অভিষেকের রিপোর্ট পজিটিভ আসার পরই মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর জানিয়েছিলেন, জয়া, ঐশ্বর্য ও আরাধ্যাকে আইসোলশনে থাকতে বলা হয়েছে।

