এবার খাবারও সোনায় মোড়া!




সোনায় মোড়া প্রাসাদ, থালা বাটি, চেয়ার টেবিল কত কিছুই দেখা যায়। সাম্প্রতিক সময়ে সোনার কমোডও দেখা গেছে। আমেরিকার এক রেস্টুরেন্ট সোনায় মোড়ানো ফ্রায়েড চিকেন বিক্রি শুরু করেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই ফ্রাইড চিকেন আপনি খেতে পারবেন।
নিউ ইয়র্কের এই রেস্টুরেন্ট ২৪-ক্যারেট সোনার ম্যরিনেড ডোবানো এই ভাজা মুরগী ১০০০ ডলার দামে বিক্রি করছে। এই ফ্রায়েড চিকেনের ধারণাটি এসেছে জনাথান চেবান, ওরফে ‘ফুডগড’-এর কাছ থেকে। এ নিয়ে তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন যা ভাইরাল হয়েছে।
প্রথমে মুরগীর টুকরো নোনা জলে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখা হয়। পরে ঘরে তৈরি ড্রাই রাবে টুকরোগুলোকে ডুবো তেলে ভাজা হয়। এরপর মধু এবং বারবিকিউ সসে তৈরি ম্যারিনেডে ডুবিয়ে আরেক দফা ভাজার আগে সোনার গুড়ো দিয়ে মুরগীর টুকরোগুলোর ঢেকে ফেলা হয়।
আপনি যদি ১০০০ ডলার খরচ করতে রাজি থাকেন তাহলে আপনি পাবেন ৫০ টুকরো ফ্রায়েড চিকেন। সাথে থাকবে পপ স্টার জেযি’র লেবেল লাগানো এক বোতল সোনালি শ্যাম্পেন।
ইউটিউবার কেসি নিস্টাট চেখে দেখেছেন। তিনি বলছেন, ‘ফ্রায়েড চিকেনের স্বাদে কিছুটা টক ভাব রয়েছে এবং একটা ধাতব স্বাদ পাওয়া যায়।”
এর আগে, গত ২০১৬ সালে ব্রুকলিনের উইলিয়ামস্‌বার্গ এলাকায় একটি ফিলিপিনো রেস্টুরেন্ট সোনার ডোনাট বিক্রি শুরু করেছিল। নাম ছিল ‘গোল্ডেন ক্রিস্টাল উবে ডোনাট”। এই ডোনাটের মধ্যে যে উবে মুস ঢোকানো হতো তা তৈরি হতো বেগুনি রঙের মিষ্টি আলু থেকে। আর এর দাম? এক ডজন স্বর্ণময় ডোনাটের দাম ধরা হয়েছিল ১২০০ ডলার।
চলতি বছরের গোড়াতে একটি আমেরিকান আইসক্রিম কোম্পানি এমন এক আইসক্রিম বিক্রি শুরু করে যা মোড়া থাকতো ২৪-ক্যারেট নির্ভেজাল সোনার তবকে। এই আইসক্রিমের দাম ধরা হয়েছিল ১৫ ডলার – ফ্রায়েড চিকেন কিংবা ডোনাটের তুলনায় যার দাম কম বলেই মনে হতে পারে। এছাড়া নিউ ইয়র্কের আরেকটি রেস্টুরেন্ট ২০০০ ডলার দামের এই পিৎসা বিক্রি শুরু করে। এই পিৎসার উপরে ২৪-ক্যারেট সোনার টপিংস ছড়ানো হয়েছিল।