করোনাভাইরাস পরিস্থিতির মাঝেই প্রতিযোগিতা আয়োজন করতে চায় বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)! ‘করোনা কাপ রাগবি’ নামে এক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন।
সম্প্রতি ফেডারেশন সাধারণ সম্পাদক মৌসুম আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞদের স্বাস্থ্য মতামত অনুযায়ী করোনাভাইরাস সহজে যাবে না। এই করোনা বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য করোনা কাপ রাগবি প্রতিযোগিতা ২০২০ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। এখানে উল্লেখ থাকে যে খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, ফুল হাতা জার্সি এবং ট্রাউজার পরে খেলোয়াড়গন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।’
তবে এই আয়োজনের অনুমোদন এখনো পায়নি রাগবি ফেডারেশন। বাংলাদেশ সরকার ও জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন পেলেই তারা করোনা কাপ আয়োজনের সিদ্ধান্ত নেবে।

