এশিয়ায় পেঁয়াজ রফতানিতে আগ্রহী অস্ট্রেলিয়া



মধ্যপ্রাচ্যসহ এশিয়ার দেশগুলোয় পেঁয়াজ রফতানিতে আগ্রহ বাড়ছে অস্ট্রেলিয়ার। পেঁয়াজের রফতানি বাজার বাড়াতে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়নের কথা ভাবছে দেশটির সরকার।
ওনিয়ন অস্ট্রেলিয়ার চেয়ারম্যান পিটার সাদবোল্ট বলেন, ইউরোপের বাজারে পেঁয়াজ রফতানিতে প্রবৃদ্ধির গতি তুলনামূলক কমে এসেছে। এ কারণে পণ্যটির বিকল্প বাজারে কথা ভাবতে শুরু করেছেন স্থানীয় রফতানিকারকরা। আমরা এরই মধ্যে বাজার যাচাই করেছি। মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ক্রমবর্ধমান বাজার আমাদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা দিতে পারে। এ অঞ্চলের দেশগুলোয় পেঁয়াজের চাহিদা বেশি। বাজারও বেশ বড়। কাজেই এসব দেশে পেঁয়াজ রফতানি বেশি লাভজনক হবে।
তিনি বলেন, অস্ট্রেলিয়া থেকে ইউরোপের দেশগুলোয় পেঁয়াজ রফতানিতে ব্যয় তুলনামূলক বেশি। এ কারণে ইউরোপের বাজারে অস্ট্রেলিয়ান পেঁয়াজের দাম বেড়ে যায়। এটা বড় একটি চ্যালেঞ্জ। ভৌগোলিক নৈকট্যের কারণে এশিয়ার দেশগুলোয় পেঁয়াজ রফতানিতে ব্যয় বেশ কম হবে।