এশিয়া কাপে প্রথম ম্যাচেই ধরাশায়ী বাংলাদেশ, সুপার ফোরে আফগানিস্তান


সুপার ফোরে আফগানিস্তান
আফগানিস্তান


এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেল লাল-সবুজ বাহিনী। শততম টি-টোয়েন্টি ম্যাচটি জয়ে রাঙাতে পারলেন না সাকিব আল হাসান।

মোহাম্মদ নাবি বাহিনীর বিপক্ষে টাইগারদের হার ৭ উইকেটে। এ জয়ের ফলে সবার আগে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল আফগানরা। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছিল ৮ উইকেটে।

 

রান ডিফেন্ড করতে নেমে শুরুতে লড়াইয়ে থাকলেও শেষ দিকে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১২৭ রান করে বাংলাদেশ। প্রথম পাঁচ ব্যাটার ব্যর্থ হলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেনের ব্যাটে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পায় টাইগাররা। রিয়াদ ২৭ বলে করেন ২৫ রান। লড়াকু মোসাদ্দেকের ব্যাট থেকে ৩১ বলে আসে ৪৮ রান। মেহেদী হাসান ১২ বলে করেন ১৪ রান। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন মুজিব উর রহমান ও রশিদ খান।

এরপর বল হাতে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন অধিনায়ক সাকিব। ১৩তম ওভারে ৬২ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগানিস্তানকে জয় এনে দেন নাজিবুল্লাহ জাদরান ও ইব্রাহিম জাদরান।

মাত্র ১৭ বলে ৬ ছক্কা ও এক চারে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ। তিনে নামা ইব্রাহিম করেছেন ৪১ বলে ৪২ রান। হযরতুল্লাহ জাজাইয়ের ব্যাট থেকে এসেছে ২৩ রান। বাংলাদেশের সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।

আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।