এসি মিলানের ছয় মিনিট, সাত ম্যাচ পর হারের দেখা জুভেন্টাসের


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দ্বিতীয়ার্ধে আট মিনিটের মধ্যে জোড়া গোল করে তখন উড়ছে জুভেন্টাস। এরপর মাত্র ছয় মিনিটের মধ্যে তিন গোল, ম্যাচ শেষে এসি মিলানের জয় ৪-২ গোলে।

ইতালিয়ান সিরি ‘আ’তে মঙ্গলবার ৩১তম রাউন্ডের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা এসি মিলান। টানা ৭ জয়ের পর হারের মুখ দেখল জুভেন্টাস।

মিলানের ঘরের মাঠে হওয়া ম্যাচটিতে প্রথমার্ধে স্রেফ সুযোগই তৈরি করে গেছে দুই দল। জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা মিলানের সুপারস্টার জ্বলাতান ইব্রাহিমোভিচের কেউই জালের ঠিকানা খুঁজে নিতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ফিরে দ্বিতীয় মিনিটের মাথায় প্রথম গোলটি করেন জুভেন্টাসের আদ্রিয়েন র‍্যাবিয়ট। এর মিনিট ছয়ের পর ব্যবধান দ্বিগুণ করেন চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা রোনালদো। চলতি আসরে পর্তুগিজ ফরোয়ার্ডের এটি ২৬তম গোল।

দুই গোলে পিছিয়ে পড়লেও আশা হারায়নি মিলান। আক্রমণ করতে থাকে একের পর এক। যার সুফল মেলে ৬২ মিনিটে। লিওনার্দো বনুচ্চির হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় মিলান। স্পটকিক থেকে দলের প্রথম গোলটি করেন ইব্রাহিমোভিচ।

এর পাঁচ মিনিটের মধ্যে আরও দুইবার জাল কাঁপান ফ্র্যাঙ্ক ক্যাসি ও রাফায়েল লিও। এগিয়ে যায় মিলান। ম্যাচের ৮০ মিনিটের সময় জুভেন্টাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আন্তে রেবিক।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লাজিওর সঙ্গে জুভেন্টাসের ব্যবধান ছিল ১০, মিলানের কাছে হেরে যাওয়ায় কমে এলো সাতে। । লিগের ৩১ ম্যাচ শেষে জুভেন্টাসের সংগ্রহ ৭৫ পয়েন্ট।