যে সোহরাওয়ার্দী (তৎকালীন রেসকোর্স) উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে উজ্জীবিত করেছিলেন সেই উদ্যানেই তাকে স্মরণ করা হয় নি। এ নিয়ে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন। বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। ‘যে স্থানে ৭ই মার্চের ভাষণ দেওয়া হয়েছে, সে স্থানে সেই ভাষণ বাজানো উচিত ছিল।’
বিখ্যাত ওই ভাষণকে কেন্দ্র করে শনিবার (৭ মার্চ) দেশব্যাপী পালিত হচ্ছে নানা কর্মসূচি। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বাজানো হয় সেই বজ্রকণ্ঠের ভাষণ। কিন্তু যে স্থানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ওই ভাষণ দিয়েছিলেন, সে স্থানেই তা বাজানো হয়নি। ছিল না চোখে পড়ার মতো কোনও আয়োজন বা কর্মসূচিও।
জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যান এলাকা গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। প্রতিবছর এখানে ৭ মার্চে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ বাজানো হয়। কিন্তু শনিবার সেই ঐতিহাসিক স্থানে সরেজমিন দেখা যায় কোনও আয়োজন নেই দিনটিকে ঘিরে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সোহরাওয়ার্দীতে ঘুরতে আসা অনেকেই।
স্বাধীনতা জাদুঘরের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) মমিনুল হক জানান, তিনি এক বছর আগে দায়িত্বে যুক্ত হয়েছেন। এবার ৭ মার্চ উপলক্ষে কোনও কর্মসূচি আয়োজন করার নির্দেশনা পাননি তিনি। তাই তিনি কিছু জানেন না।
তবে, সাপ্তাহিক ছুটি থাকায় এ বিষয়ে গণপূর্ত অধিদফতরে যোগাযোগ করা যায়নি।

