ওয়ানডেতে টাইগারদের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার উত্তরসূরি নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। বোর্ডের সভা শেষে জানানো হয় তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক।
অধিনায়কত্ব তামিমের জন্য অবশ্য নতুন কিছু নয়। বিশ্বকাপের পর গত জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সিরিজের ঠিক আগে চোটে পড়ায় মাশরাফি তখন শ্রীলঙ্কায় যেতে পারেননি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭-তে মুশফিকুর রহিমের চোটের কারণে একটি টেস্টেও অধিনায়কত্ব করেছিলেন তামিম। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে তার।
২০১০-১১ থেকে তিনি অনেক ম্যাচেই তিনি তাঁর দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১০-১১ মৌসুমে ঢাকা লিগে তিনি একটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। পাশাপাশি ২০১২-১৩ মৌসুমে জাতীয় লিগে ২টি ম্যাচ আর ২০১৩-১৪ মৌসুমে বিসিএলে দুটি ম্যাচে অধিনায়কত্ব করেন।
ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৩-১৪ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নকে দুটি ম্যাচে নেতৃত্ব দিলেও ২০১৬ সালে পুরো মৌসুমে আবাহনীর অধিনায়ক ছিলেন তিনি। ২০১৩ বিপিএলে দুরন্ত রাজশাহীকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৫ থেকে বিপিএল টানা তিন মৌসুমে তিনি অধিনায়কত্ব করেছেন।
মাশরাফি বিন মর্তুজা স্বেচ্ছায় অবসর নেয়ার দুই দিনের ব্যবধানে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। আমরা চাই সে লম্বা সময়ের জন্য অধিনায়কের দায়িত্ব পালন করুক।

