দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে ডিআইজি মিজানের নামে ৪৬ লাখ ৩২ হাজার ১৯১ টাকা এবং তার স্ত্রী সোহেলিয়া আনার রত্নার নামে ৭২ লাখ ৯০ হাজার ৯৫২ টাকার অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে।
এছাড়াও মিজানুর রহমানের ছোট ভাই মাহবুবুর রহমান স্বপন ও ভাগনে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহামুদুল হাসানের নামেও ব্যাপক সম্পদের খোঁজ পাওয়া গেছে। সংস্থাটির ধারণা, এসব সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন ডিআইজি মিজান।
প্রাথমিক অনুসন্ধানে পাওয়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার কারণে অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী কমিশনের কাছে মিজান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক আইনের ২৬(১) ধারায় মিজানুর রহমান ও তার স্ত্রীর নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করার অনুমোদন দিয়েছে কমিশন।
দুদক সূত্র জানায়, মিজানুর রহমান আয়কর নথিতে তার নামে স্থাবর ও অস্থাবর মোট ১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৭৬৩ টাকার সম্পদ দেখিয়েছেন। দুদকের অনুসন্ধানে আয়কর নথির বাইরে ৪৬ লাখ ৩২ হাজার ১৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ মিলেছে।
অন্যদিকে, মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না আয়কর নথিতে স্থাবর ও অস্থাবর মোট ৮৫ লাখ ৪৬ হাজার ৯৩৫ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। কিন্তু আয়ের উৎস অনুসারে তাঁর সম্পদ থাকার কথা ১২ লাখ ৫৫ হাজার ৯৮৩ টাকার। সে অনুযায়ী দুদকের অনুসন্ধানে সোহেলিয়ার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭২ লাখ ৯০ হাজার ৯৫২ টাকার সম্পদ রয়েছে।
এর বাইরে মিজানুর রহমানের ছোট ভাইয়ের নামে রাজধানীর বেইলি রোডে বেইলি রোজ নামের ২ হাজার ৪০০ বর্গফুটের ফ্ল্যাট ও ভাগনে মাহামুদুল হাসানের নামে চাকরিতে প্রবেশের আগেই ঢাকার পাইওনিয়ার রোডে ১ হাজার ৯১৯ বর্গফুটের একটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়। দুদক ধারা করছে ডিআইজি মিজানই তাদের নামে এসব সম্পদ করেছেন।
এর আগে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে ডিআইজি মিজান সাংবাদিকদের কাছে দাবি করেন, আয়কর নথিতে দেওয়া তথ্যের বাইরে তার কোনো সম্পদ নেই। স্বজনদের নামে সম্পদের বিষয়ে এক প্রশ্নের জবাবে মিজান বলেন, যে যে জায়গায় সম্পদ আছে বা আমার আত্মীয়-স্বজনের নামে যে সম্পদ আছে তা আমার ট্যাক্স ফাইলে আছে।
