যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে কমবয়সী হিসেবে মারা গেলেন কোল মিডলটন (২১)।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কোল মিডলটন (২১) নামে এক ব্রিটিশ তরুণী মারা গেছেন।
ওই তরুণীর পরিবারের সদস্যদের দাবি, আগে থেকে তার কোনো শারীরিক অসুস্থতা ছিল না। ওই তরুণীর মা ডায়ানা মিডলটন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হৃদয়বিদারক একটি পোস্ট করেছেন।
বাকিমহামশায়ারের এই বাসিন্দা ফেসবুকে বলেছেন, ‘ব্রিটেনের সব মানুষের উদ্দেশ্যে বলছি, যারা এই ভাইরাসকে শুধুমাত্র একটি ভাইরাসই মনে করেন। প্লিজ, এ ভাইরাসটি নিয়ে নতুন করে চিন্তা করুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তথাকথিত এই ভাইরাস আমার ২১ বছরের মেয়েকে কেড়ে নিয়েছে। কয়েকদিনের তীব্র শ্বাসকষ্ট, জ্বর, কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে গেছে আমার মেয়ে।’
তিনি বলেন, ‘এই ভাইরাসের বাস্তবতা আমাদের চোখের সামনেই উন্মোচিত হয়েছে। দয়া করে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলুন। সর্বোচ্চ চেষ্টা করুন। নিজেকে এবং অন্যদের রক্ষা করুন। এই ভাইরাস ছড়াচ্ছে না, মানুষই ভাইরাস ছড়াচ্ছে। জীবন বলে আমরা যেটাকে জানতাম সেটা নাটকীয়ভাবে পাল্টে গেছে। কিন্তু আমরা যদি এখনই নিজেদের বাঁচাতে চেষ্টা না করি, তাহলে এই অশান্তি এবং যন্ত্রণা আরও দীর্ঘ হবে।’
করোনাভাইরাসে তার ভাইয়ের মেয়ের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পুরো পরিবারের বিশ্বাস তছনছ হয়ে গেছে।’ যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার এবং মারা গেছেন ৪৬৫ জন।

