দেশের বাজারে আবার কমানো হলো স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে পণ্যটির মূল্য হ্রাস পাওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।
আজ থেকে এ দাম কার্যকর হবে। গতকাল সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ কিনতে খরচ পড়বে ৪ হাজার ১৭০ টাকা। এ হিসাবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৯ টাকায়। গতকাল পর্যন্ত এ পণ্য প্রতি ভরি ৪৯ হাজার ৮০৫ টাকায় বিক্রি হয়েছে। এ হিসাবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ কিনতে খরচ পড়বে ৩ হাজার ৯৭৫ টাকা। এ হিসাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকায়। গতকাল পর্যন্ত এ পণ্য প্রতি ভরি ৪৭ হাজার ৫৩১ টাকায় বিক্রি হয়েছে। এ হিসাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১৬৭ টাকা।
আজ থেকে ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ৩ হাজার ৫৪০ ও প্রতি ভরি ৪১ হাজার ২৯১ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণ ২ হাজার ৩৬৫ ও প্রতি ভরি ২৭ হাজার ৫৮৫ টাকায় বিক্রি হবে। তবে রুপার দাম কমানো হয়নি। আগের মতই প্রতি গ্রাম রুপা ৯০ টাকা ও প্রতি ভরি ১ হাজার ৫০ টাকায় বিক্রি হবে। এর আগে গত ২১ জুন বাজুসের পক্ষ থেকে স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছিল।
এদিকে মুদ্রাবাজারে ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় নিম্নমুখী হয়ে পড়েছে স্বর্ণের আন্তর্জাতিক বাজার। গতকাল পণ্যটির দাম কমে এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল সুদহার বৃদ্ধির সম্ভাবনা পুনর্ব্যক্ত করায় এ পতন দেখা দেয়।
গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম কমেছে দশমিক ৭ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২১৭ ডলারে লেনদেন হয়। লেনদেনের একপর্যায়ে পণ্যটির দাম ১ হাজার ২১৪ দশমিক ৪৫ ডলারে নেমে যায়, যা গত বছরের জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন দামের রেকর্ড। এদিন ভবিষ্যৎ চুক্তির বাজারেও স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম কমেছে দশমিক ৯ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২১৬ দশমিক ৫৬ ডলারে লেনদেন হয়।

