কমেছে স্বর্ণের দাম




যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হওয়ায় মুদ্রা বাজারে শক্তিশালী অবস্থান নিয়েছে ডলার। এতে কমেছে স্বর্ণের দাম।
গত বুধবার ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৭৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়। আইসিইতে সামান্য বৃদ্ধিতে ডলার সূচক ৯৩ দশমিক ৭৯১ পয়েন্টে অবস্থান করছে।
সাধারণত ডলার ও স্বর্ণের বাজার বিপরীতমুখী আচরণ করে। ডলারের দাম কমলে ভিন্ন মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ তুলনামূলক সাশ্রয়ী হয়ে ওঠে। এতে পণ্যটির চাহিদা বাড়ে। তবে সুদহার বাড়ানো হলে ডলারের ঊর্ধ্বমুখিতায় স্বর্ণের বাজারে পতন দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে দেশটিতে ভোক্তা মূল্যসূচক দশমিক ১ শতাংশ বেড়েছে। এতে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির সম্ভাবনা আরো জোরালো হয়ে উঠেছে। একই সঙ্গে আগামী বছরেও সুদহার বৃদ্ধিতে ফেডারেল রিজার্ভের ওপর চাপ বাড়ছে। গত মাসে দেশটিতে খুচরা বিক্রি দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে তা পূর্ববর্তী মাসের তুলনায় ধীর।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ায় স্বর্ণের দাম ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যায়। ওই সময় ভূরাজনৈতিক টানাপড়েনের পরিপ্রেক্ষিতে পণ্যটির দাম ১ হাজার ৪০০ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে মুদ্রাবাজারে ডলার পুনরায় শক্তিশালী হয়ে ওঠায় স্বর্ণের দাম আবারো ১ হাজার ৩০০ ডলারের নিচে নেমে আসে।
তবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসনের করনীতি সংস্কারকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তায় পুঁজিবাজারে দরপতন দেখা দেয়। এতে ডলারের অবস্থানও দুর্বল হয়ে পড়ে। ফলে ঊর্ধ্বমুখী হয় স্বর্ণের বাজার। চলতি মাসে পণ্যটির দাম প্রায় দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এদিকে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে রুপার দাম দশমিক ৬ শতাংশ কমেছে। এদিন পণ্যটির দাম ১০ দশমিক ২ সেন্ট কমে আউন্সপ্রতি ১৬ দশমিক ৯৭১ ডলারে লেনদেন হয়।
তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের বাজারে জিম্বাবুয়ের রাজনৈতিক সংকটের কোনো প্রভাব পড়েনি। দেশটি বিশ্বে প্লাটিনাম উৎপাদনে তৃতীয় ও প্যালাডিয়ামে চতুর্থ অবস্থানে আছে। এখন পর্যন্ত প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে গৃহবন্দির ঘটনায় জিম্বাবুয়েতে এসব পণ্যের উৎপাদনে বিঘ্ন ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। বিএমও কমোডিটি রিসার্চের বিশেষজ্ঞ কলিন হ্যামিল্টনের মতে, জিম্বাবুয়ের রাজনৈতিক অস্থিরতার প্রভাব ক্রোমিয়ামের বাজারে পড়তে পারে।